২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ

ফন্ট সাইজ:

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামীকাল ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে ওয়ানডে ম্যাচের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর জন্য সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছে ২০০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা।

বিসিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ দর্শকদের জন্য ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২০০ টাকা। নর্দান গ্যালারি কিংবা ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’-এর টিকিট পাওয়া যাবে ৪০০ টাকায়। ক্লাব হাউসের টিকিটপ্রেমীদের জন্য খরচ পড়বে ৬০০ টাকা, যার আওতায় ক্লাব হাউসের উত্তর প্রান্তের ‘শহীদ জুয়েল স্ট্যান্ড’ এবং দক্ষিণ প্রান্তের ‘শহীদ মুশতাক স্ট্যান্ড’ অন্তর্ভুক্ত থাকবে। ইন্টারন্যাশনাল লাউঞ্জ (দক্ষিণ) এবং ইন্টারন্যাশনাল গ্যালারির (দক্ষিণ) টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। এছাড়া মিডিয়া ব্লকের ইন্টারন্যাশনাল গ্যালারি (উত্তর)-এর টিকিটও একই মূল্যে সংগ্রহ করা যাবে। সবচেয়ে দামি টিকিট গ্র্যান্ড স্ট্যান্ডের। আপার এবং লোয়ারÑউভয় ক্ষেত্রের গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য দর্শকদের গুণতে হবে ২ হাজার ৫০০ টাকা। বিসিবি জানিয়েছে, এবারও স্টেডিয়ামের বুথে কোনো টিকিট বিক্রি করা হবে না। দর্শকদের অনলাইনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে টিকিট সংগ্রহ করতে হবে। এর জন্য নির্ধারিত ওয়েবসাইট থেকে টিকিট কেনা যাবে।


সূচি অনুযায়ী, আগামী ৯, ১১ ও ১৪ই জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। হোম অব ক্রিকেটে প্রতিটি ম্যাচই শুরু হবে বেলা ১১টায়। ওয়ানডে সিরিজ শেষে দুই দল উড়াল দেবে চট্টগ্রামে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। ১৭, ১৯ ও ২১ই জুন সাগরিকায় কুড়ি ওভারের ম্যাচগুলো শুরু হবে বেলা দুইটায়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন