সাবেক বৃটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

সাবেক বৃটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক বৃটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রিন্স উপাধি হারানো অ্যান্ড্রু বৃটিশ রাজা চার্লস তৃতীয়ের ভাই।

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পরই তাকে গ্রেপ্তার করা হয়। দ্য টেলিগ্রাফ জানায়, যুক্তরাজ্যের আধুনিক ইতিহাসে এ ধরনের গ্রেপ্তার নজিরবিহীন।
রাজা চার্লস পুলিশি তদন্তে পূর্ণ সমর্থন দেয়ার কথা জানিয়েছেন। বর্তমানে আটটি সংস্থা অ্যান্ড্রুর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করছে। এর মধ্যে সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার এবং কোনো নারীকে তার কাছে পাচার করা হয়েছিল কি না- এসব বিষয়ও অন্তর্ভুক্ত।

এক বিবৃতিতে পুলিশ জানায়, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। চলমান মামলার কারণে এবং আদালত অবমাননা এড়াতে গ্রেপ্তার ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল অলিভার রাইট বলেন, অভিযোগের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পরই তদন্ত শুরু হয়েছে। তদন্তের সততা ও নিরপেক্ষতা বজায় রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। যথাসময়ে পরবর্তী তথ্য জানানো হবে।

উল্লেখ্য, এপস্টেইন-সম্পর্কিত বিতর্কের পর অ্যান্ড্রু উইন্ডসরের রয়্যাল লজ ছেড়ে নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেটে চলে যান। এর আগে গত বছরের অক্টোবরে রাজা চার্লস তার প্রিন্স উপাধি ও সামরিক সম্মাননা প্রত্যাহার করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন