৭৪ বছরেও অবিশ্বাস্য তরুণ সেই ‘ইনক্রেডিবল হাল্ক’

৭৪ বছরেও অবিশ্বাস্য তরুণ সেই ‘ইনক্রেডিবল হাল্ক’

ফন্ট সাইজ:

বাংলাদেশের প্রয়াত কৌতুক অভিনেতা রবিউল দর্শকদের সামনে হলিউডের একটি গুরুত্বপূর্ণ চরিত্রকে চমৎকারভাবে পরিচয় করিয়ে দিয়েছেন। ওই চরিত্রটির নাম ‘হাল্ক’। রবিউলের শারীরিক গঠন ছিল মারাত্মক লিকলিকে, হাড্ডিসার। অন্যদিকে হাল্কের শরীর স্ফীত, দৈত্যাকার। কৌতুক অভিনয়ের সময় রবিউল নিজেকে ‘ইনক্রেডিবল হাল্ক’ পরিচয় দিয়ে কৌতুক করতেন। এমনিতেই হাল্ক চরিত্রটিকে সিনেমাপ্রেমীরা চিনতেন, জানতেন। কিন্তু রবিউলের কারণে তা আবাল, বৃদ্ধ, বণিতার কাছে পরিচিত হয়ে ওঠে। হাল্ক চরিত্রে অভিনয় করেছিলেন হলিউডের কিংবদন্তি অভিনেতা ও বডিবিল্ডার লু ফেরিগনো। তিনি এখনও বেঁচে আছেন। নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘নায়াগ্রা ফলস কমিক কন’-এ ভক্তদের চমকে দিয়েছেন তিনি। তার বয়স এখন ৭৪ বছর। এ বয়সেও তাকে দেখে অনেকেই বিস্মিত তার ফিটনেস, শক্তিশালী শরীর এবং আগের মতোই উজ্জ্বল উপস্থিতি দেখে। তিনি সবচেয়ে বেশি পরিচিত ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত প্রচারিত টিভি সিরিজ ‘দ্য ইনক্রেডিবল হাল্ক’-এ হাল্ক চরিত্রে অভিনয়ের জন্য। ওই সিরিজে তিনি ড. ব্রুস ব্যানার চরিত্রে থাকা বিল বিক্সবি-এর সঙ্গে কাজ করেন।

হাল্ক চরিত্রে যেভাবে উঠে আসেন
সিরিজ শেষ হওয়ার পর ফেরিগনো ১৯৮০-এর দশকের শেষ দিকে টিভি মুভিগুলোতেও হাল্ক চরিত্রে ফিরে আসেন। পরবর্তীতে তিনি ২০০৩ সালের হাল্ক এবং ২০০৮ সালের দ্য ইনক্রেডিবল হাল্ক সিনেমায় নিরাপত্তারক্ষীর ভূমিকায় ক্যামিও করেন এবং হাল্কের কণ্ঠও দেন। পরে তিনি জনপ্রিয় সিটকম কিং অব কুইন্স-এ নিজেরই একটি হাস্যরসাত্মক সংস্করণে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও পরিচিত হন।

কমিক কন-এ নতুন করে আলোচনায়
কানাডার অন্টারিওতে অনুষ্ঠিত কমিক কন-এ তিনি দর্শকদের সামনে দাঁড়িয়ে তার স্বাভাবিক আত্মবিশ্বাসী হাসি এবং শক্তিশালী ভঙ্গিমা প্রদর্শন করেন। অনেকেই তাকে দেখে বিশ্বাসই করতে পারেননি যে তার বয়স ৭৪ বছর। তিনি আবারও তার বিখ্যাত হাল্ক পোজ দেন, যা দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফেরিগনো জানান, হাল্ক চরিত্রটি তার জন্য শুধু একটি সুপারহিরো নয়, বরং ব্যক্তিগত সংগ্রামের প্রতীক ছিল। তিনি বলেন, ছোটবেলায় তিনি ছিলেন অন্তর্মুখী এবং শারীরিকভাবে দুর্বল। এ কারণে তাকে প্রায়ই বুলিংয়ের শিকার হতে হতো। সেই অভিজ্ঞতাই তাকে হাল্ক চরিত্রের সঙ্গে গভীরভাবে যুক্ত করে। তার ভাষায়, হাল্ক মানে শুধু দানব নয়, তার ভেতরে সংবেদনশীলতাও আছে।

আধুনিক সিনেমায় হাল্কের পরিবর্তন
ফেরিগনো বলেন, আধুনিক সিনেমায় এখন সিজিআই (কম্পিউটার জেনারেটেড ইমেজারি) ব্যবহারের কারণে হাল্ক চরিত্রটি বদলে গেছে। তবে তিনি এখনও চরিত্রটির অংশ হতে পেরে আনন্দিত। তিনি বলেন, সিজিআই হাল্ক হয়তো পর্দায় শক্তিশালী। কিন্তু বাস্তবে ভক্তদের সঙ্গে যোগাযোগ করতে পারে না, অটোগ্রাফ দিতে পারে না। ৭৪ বছর বয়সেও হলিউডে সক্রিয় ফেরিগনো। তিনি জানান, তিনি সম্প্রতি স্করপিয়ন কিং ৪ চলচ্চিত্রের কাজ শেষ করেছেন, যা ২০২৬ সালের নভেম্বর মাসে মুক্তি পাবে। এছাড়া তিনি ওয়ার্নার ব্রাদার্সের কমেডি মমস’ নাইট আউট চলচ্চিত্রেও অভিনয় করছেন। সব মিলিয়ে বয়স বাড়লেও লু ফেরিগনো প্রমাণ করেছেন যে শারীরিক ফিটনেস, আত্মবিশ্বাস এবং জনপ্রিয়তা সময়ের সঙ্গে ম্লান হয়ে যায় না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন