মাঠে আবার অচেতন এক লড়াকু ফুটবল যোদ্ধা, ম্যাচ বাতিল

মাঠে আবার অচেতন এক লড়াকু ফুটবল যোদ্ধা, ম্যাচ বাতিল

ফন্ট সাইজ:

ম্যাচটি ছিল প্রীতি ম্যাচ। এতে জয়-পরাজয়ে তেমন কিছু এসে যায় না। তবু এবার বিশ্বকাপকে সামনে রেখে যে কয়েকটি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে, তার মধ্যে সবচেয়ে আলোচনায় এসেছে রোববার রাতে অনুষ্ঠিত ডেনমার্ক-ইউক্রেন ম্যাচ। এই ম্যাচে ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন মাঠে চমৎকার পারফরমেন্স দেখান। এরই এক পর্যায়ে আবারও মাঠে হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। প্রায় ৫ বছর আগে ফুটবল মাঠে তিনি হার্টঅ্যাটাক করেন। তখন ৫ মিনিট ছিলেন ‘মৃত অবস্থায়’। এরপর চিকিৎসায় তার বুকে পেসমেকার লাগানো হয়। সেই অবস্থায় আবার ফিরে আসেন ফুটবলের মাঠে। কয়েকটি ক্লাবে খেলেছেন। এখন নিজ দেশ ডেনমার্কের পতাকা নিয়ে বিশ্বকাপ মঞ্চে হাজির এই লড়াকু। এ নিয়ে তার দলে, দেশের কপালে চিন্তার ভাজ পড়েছে। ফুটবল বিশ্বেও দেখা দিয়েছে নতুন করে উদ্বেগ। ইউক্রেনের বিপক্ষে ডেনমার্কের প্রীতি ম্যাচে এরিকসেন অচেতন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ম্যাচটি বাতিল করা হয়।

ঘটনাটি ঘটে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি। বল থেকে প্রায় ১০ গজ দূরে থাকা অবস্থায় এরিকসেন হঠাৎ বুকে হাত দিয়ে মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে মেডিকেল টিম মাঠে ছুটে আসে এবং চিকিৎসা শুরু করে। মাঠে উপস্থিত খেলোয়াড়রা দ্রুত একটি মানবঢাল তৈরি করে তাকে ঘিরে ফেলেন, যাতে চিকিৎসা কার্যক্রম গোপন রাখা যায়। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী সাব্রিনা।

ডেনমার্ক ফুটবল ফেডারেশন জানায়, এরিকসেন কিছুক্ষণ পরে চেতনা ফিরে পান এবং পরিস্থিতি অনুযায়ী তার অবস্থা স্থিতিশীল ছিল।

স্টেডিয়ামের বড় স্ক্রিনেও বার্তা দেখানো হয়- ‘ক্রিশ্চিয়ান এরিকসেন ভালো আছেন এবং পর্যবেক্ষণে আছেন।’ ম্যাচ চলাকালীন দর্শকরাও তার নাম ধরে স্লোগান দেন এবং করতালি দিয়ে সমর্থন জানান।

ডেনমার্ক জাতীয় দলের ডাক্তার মোরটেন বোয়েসেন জানান, এরিকসেন কিছু সময়ের জন্য অচেতন ছিলেন। তবে দ্রুত চেতনা ফিরে পান। তিনি বলেন, তার পেসমেকার ঠিকভাবে কাজ করেছে এবং তিনি নিজেই মাঠ থেকে হেঁটে বের হয়ে যান। বোয়েসেন আরও জানান, তাকে হাসপাতালে নিয়ে বিস্তারিত পরীক্ষা করা হবে যাতে ঘটনার কারণ জানা যায়।

বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

এরিকসেনের ক্লাব ভিএফএল উলফসবার্গ জানায়, তারা তার দ্রুত সুস্থতা কামনা করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পুরও সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেছে। ইউক্রেন দলের কোচও ম্যাচ শেষে বলেন, এ মুহূর্তে ফুটবল নিয়ে কথা বলা ঠিক হবে না। ২০২১ সালের ইউরো ২০২০ টুর্নামেন্টে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীনও এরিকসেন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে পড়ে যান। তখন তার হৃদস্পন্দন প্রায় পাঁচ মিনিট বন্ধ ছিল। পরে তিনি জানিয়েছিলেন, তিনি ‘প্রায় পাঁচ মিনিটের জন্য মৃত ছিলেন’। সে সময় সিপিআর দেয়ার পর তাকে হাসপাতালে নেয়া হয় এবং পরে একটি ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর বা পেসমেকার বসানো হয়, যা হৃদস্পন্দন নিয়ন্ত্রণে সহায়তা করে। অবিশ্বাস্যভাবে, এরপর তিনি আবার পেশাদার ফুটবলে ফিরে আসেন। প্রথমে ব্রেন্টফোর্ড, পরে ম্যানচেস্টার ইউনাইটেড এবং বর্তমানে জার্মানির ক্লাবে খেলছেন।

ম্যাচের পরিস্থিতি

ঘটনার সময় ডেনমার্ক ম্যাচে ২-১ গোলে এগিয়ে ছিল। ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়। এটি ছিল এরিকসেনের ডেনমার্কের হয়ে ১৫১তম আন্তর্জাতিক ম্যাচ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন