ওয়ানডেতে নেই মার্শ, দুই সিরিজেই অনুপস্থিত হেড

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর

ওয়ানডেতে নেই মার্শ, দুই সিরিজেই অনুপস্থিত হেড

ফন্ট সাইজ:

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে ঢাকায় অবস্থান করছে অস্ট্রেলিয়া দল। আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে প্রথম ওয়ানডে। এর ঠিক আগের দিন নিশ্চিত হওয়া গেল-সফরে থাকছেন না বিধ্বংসী ওপেনার ট্রাভিস হেড। একই সঙ্গে চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অধিনায়ক মিচেল মার্শও। এছাড়া হ্যামস্ট্রিংয়ের চোটে পুরো সফর মিস করছেন লেগ স্পিনার তানভীর সাংঘা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) শেষে পাকিস্তান সফর থেকে ছুটি পাওয়া ট্রাভিস হেডকে বাংলাদেশের বিপক্ষে দুই সিরিজেই দলে রাখা হয়। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) থেকে ব্যক্তিগত কারণে ছুটি বাড়িয়ে নেয়ায় শেষ পর্যন্ত তিনি ঢাকায় আসছেন না। অজি নির্বাচক টনি ডোডেমাইড জানান, আগামী আগস্টে ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে আবার ফিরবেন হেড।

অন্যদিকে, আইপিএলের সময় গোড়ালির পুরোনো চোট নতুন করে চাড়া দেয়ায় পাকিস্তান সিরিজ মিস করেন মার্শ। বাংলাদেশ সফরে ওয়ানডেতে তাকে পাওয়ার আশা থাকলেও, পুরোপুরি ফিট না হওয়ায় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। তবে টি-টোয়েন্টি সিরিজের আগে তিনি ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। নিয়মিত ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স আগে থেকেই বিশ্রামে। মার্শের অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্ব পালন করবেন উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস। মার্শ যদি সময়মতো ফিট হতে না পারেন, তবে টি-টোয়েন্টিতেও ইংলিসই নেতৃত্ব দেবেন।

এই তিন ক্রিকেটারের বিকল্প হিসেবে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে ম্যাট শর্ট, অলি পিক এবং অফস্পিনার টড মারফিকে। মারফি এবারই প্রথম সাদা বলের ক্রিকেটে ডাক পেলেন। পাকিস্তান সফর শেষে ম্যাট শর্ট ও অলি পিকের দেশে ফেরার কথা থাকলেও, তারা দলের সঙ্গেই বাংলাদেশে থেকে গেছেন। এছাড়া দলে যোগ দিয়েছেন পেসার বেন ডোয়ার্শিস ও জেভিয়ার বার্টলেট।

আগামীকাল মিরপুরে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে মাঠের লড়াই। এরপর চট্টগ্রামে আগামী ১৭ই জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।


অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ার্শিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ম্যাথু কুনেম্যান, মারনাস লাবুশেন, টড মারফি, অলি পিকে, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেনসার জনসন, ম্যাথু কুনেম্যান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ ও অ্যাডাম জাম্পা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন