সীতাকুণ্ডে অবৈধ জুয়ায় নিঃস্ব হচ্ছে মধ্যবিত্ত পরিবার

সীতাকুণ্ডে অবৈধ জুয়ায় নিঃস্ব হচ্ছে মধ্যবিত্ত পরিবার

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় অবৈধ জুয়ার আসরকে কেন্দ্র করে বাড়ছে সামাজিক অবক্ষয়। স্থানীয়দের অভিযোগ, নাজিয়া রোলিং মিলের পাশের একটি স্থানে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে জুয়ার আসর পরিচালনা করে আসছে ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে জড়িত সোহেল, রমজান ও মালু নামে কয়েকজন। স্থানীয়দের দাবি, প্রতিদিন রাত ১০টার পর শুরু হওয়া এ জুয়ার আসরে নিম্নআয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও জড়িয়ে পড়ছেন। বিশেষ করে সিএনজিচালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও দিনমজুর শ্রেণির মানুষ দ্রুত এ নেশায় আসক্ত হয়ে পড়ছেন। সারাদিনের কষ্টার্জিত আয় রাতের জুয়ার টেবিলে হারিয়ে গভীর রাতে খালি হাতে বাড়ি ফিরছেন অনেকে। এ কারণে পরিবারে দেখা দিচ্ছে অভাব-অনটন, দাম্পত্য কলহ ও চরম পারিবারিক অশান্তি।

স্থানীয়দের ভাষ্য, অনেক পরিবারে স্বামী-স্ত্রীর বিরোধ ভয়াবহ আকার ধারণ করছে। এমনকি জুয়াকে কেন্দ্র করে আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসী আরও জানায়, জুয়ার আসরকে কেন্দ্র করে সেখানে মদ ও গাঁজার আসরও বসে। ফলে স্থানীয় যুবসমাজের একটি অংশ জুয়া ও মাদকে জড়িয়ে পড়ে চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে পড়ছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ও অস্থিরতা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হওয়ায় সাধারণ মানুষ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগও তুলেছেন অনেকে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম মানবজমিনকে বলেন, ঘটনার সত্যতা যাচাই করে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হবে এবং অবৈধ জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম বলেন, জুয়াড়িদের বিরুদ্ধে দ্রুত অভিযান চালিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন