বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দলের নির্বাচনী জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ং। ৬০ বছর বয়সী তারেক রহমানের নেতৃত্বে তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনের পর সরকার গঠন করেছে।
এ প্রেক্ষিতে ১৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে ওয়ং বলেন, ‘আপনি যে শক্তিশালী জনসমর্থন পেয়েছেন, তা বাংলাদেশের জনগণের আপনার প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন, যাতে আপনি দেশকে সামনে এগিয়ে নিতে পারেন।’ এ খবর দিয়ে অনলাইন এশিয়া ওয়ান আরও লিখেছে, সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে আগে থেকেই ‘উষ্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক’ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের বন্ধুত্ব আরও জোরদার করতে তারেক রহমানের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছেন। পাশাপাশি তিনি যোগ করেন, ‘বাংলাদেশের উন্নয়নযাত্রায় ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে যাবে সিঙ্গাপুর।’
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচন ছিল ২০২৪ সালের ‘জেন-জি’ নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন, যে আন্দোলনে দীর্ঘদিনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। ১৭ কোটি ৫০ লাখ জনসংখ্যার মুসলিম অধ্যুষিত দেশটিতে টানা কয়েক মাসের সহিংস সরকারবিরোধী আন্দোলনের পর স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি স্পষ্ট নির্বাচনী ফলাফলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছিল। ওই অস্থিরতায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশের পোশাকশিল্পসহ বড় শিল্পখাতগুলো ক্ষতিগ্রস্ত হয়।
নির্বাচনে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২১২টি আসনে জয়লাভ করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর ফলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে এবং প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন।
