ইরানের রাজধানী তেহরানে ফের একাধিক বিশাল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সোমবার (৮ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, বিস্ফোরণের ফলে কেন্দ্রীয় তেহরানে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাঙ্গণও কেঁপে উঠেছে। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, ঠিক কোথায় বিস্ফোরণ হয়েছে এবং বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট জানা যায়নি। দেশটির ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিস্ফোরণের পর তেহরানের বিভিন্ন অংশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। তবে বিস্ফোরণে কী পরিমাণে ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে- তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
লেবাননের বৈরুতে হামলার জেরে এর আগে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর জবাবে ইরানের বিভিন্ন শহর জুড়ে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
দেশ দুইটির পাল্টাপাল্টি হামলার কারণে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তি ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে।
