বার্সেলোনা ও স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামালকে নিয়ে অনেক আগে থেকেই মেতেছে বিশ্ব ফুটবল। বিশ্লেষকদের লিওনেল মেসির সঙ্গে তার মিল খুঁজে পাওয়ার ঘটনাও নতুন না। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে আরেকটি মিল দেখেন মেসি ও ইয়ামালের মধ্যে। তার মতে, দু’জনই সৃষ্টিকর্তার বিশেষ ছোঁয়া পেয়েছেন এবং এ ধরণের প্রতিভা মূলত বড় মঞ্চের জন্যই জন্মায়।
বিশ্বকাপের আগে বৃটিশ দৈনিক ‘দ্য গার্ডিয়ান’-কে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন দে লা ফুয়েন্তে। সেখানে এই উইঙ্গারের ভূয়সী প্রশংসা করেন তিনি। বার্সেলোনার হয়ে সর্বশেষ মৌসুমে লা লিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া ইয়ামালকে নিয়ে স্পেন কোচ বলেন, ‘লামিন এই বড় মঞ্চের জন্যই জন্মেছে। ওর মধ্যে দারুণ সাহস আছে। বর্তমান যুগে যে বিপুল প্রত্যাশা ও গণমাধ্যমের চাপ ও সামলাচ্ছে, তা সাধারণ কাউকে ভেঙে ফেলতো। তবে এই ছেলেরা বিশেষ। ও মাঠের ভেতর খুব কম ভুল করে।’
ইয়ামালের ওপর ‘নতুন মেসি’ হওয়ার বাড়তি চাপ দিতে চান না দে লা ফুয়েন্তে। তবে দুজনের খেলার ধরনের মিল তিনি স্বীকার করেছেন। ফুয়েন্তে আরও বলেন, ‘ফুটবলাররা সাধারণত খুবই মেধাবী ও বুদ্ধিমান হয়। তবে কিছু খেলোয়াড় আছে, যাদের যেন ঈশ্বর নিজে ছুঁয়ে দিয়েছেন। এমন জিনিয়াসের সংখ্যা পৃথিবীতে খুবই সীমিত। যেমন- লামিন, মেসি...।’
বর্তমানে বাঁ পায়ের হ্যামস্ট্রিং চোটের কারণে পুনর্বাসনে আছেন এই ১৮ বছর বয়সী বার্সা তারকা। তবে তার দ্রুত সুস্থতায় আশাবাদী কোচ। ফুয়েন্তে বলেন, ‘ও খুব দ্রুত সেরে উঠছে। নির্ধারিত সময়ের আগে সব লক্ষ্য পূরণ করছে। আমার মনে হয়, প্রথম ম্যাচেই খেলার মতো অবস্থায় থাকবে।’
বিশ্বকাপের মূল আসরে নামার আগে আগামীকাল পেরুর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এরপর ১৫ই জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্পেনের বিশ্বকাপ অভিযান। ‘এইচ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে।
বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখবেন ইয়ামাল
এদিকে, নিজের প্রথম বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এক মজাদার প্রতিশ্রুতি দিয়েছেন ইয়ামাল। বার্সা তারকা জানিয়েছেন, স্পেন বিশ্বকাপ জিতলে তিনি তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ইয়ামাল বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিশ্বকাপ জিততে পারলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ রাখবো। এবং ১০০টি বিটস (হেডফোন) উপহার দেবো।’ ২০২৪ ইউরো জয়ের অভিজ্ঞতা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘বড় টুর্নামেন্টের শুরুতে স্নায়ুচাপ থাকা স্বাভাবিক, তবে ধৈর্য ধরে খেলা উপভোগ করাটাই আসল।’
