হাল সময়ের ব্যস্ততম অভিনেতা শরিফুল রাজ ও জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার মা’সহ পাঁচজন পেলেন ‘আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা-২০২৬’। পরিবার ও সমাজে মায়ের ঋণ অসীম। সন্তানদের সাফল্যের পেছনে মায়ের অবদান সবচেয়ে বেশি থাকে। সমাজে মায়েদের অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে গতকাল ‘আন্তর্জাতিক মা দিবস’-এ আরটিভি আয়োজন করে ‘আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা-২০২৬’। রাজধানীর বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে আনুষ্ঠানিকভাবে পাঁচজন স্বপ্নজয়ী মায়ের হাতে তুলে দেয়া হয় সম্মাননা পদক।
সম্মাননাপ্রাপ্তরা হলেন- ডা. উত্তম কুমার সরকার, ডা. উজ্জ্বল কুমার সরকার, প্রভাষক সুবর্ণা সরকার এবং সাংবাদিক প্রতিমা সরকারের গর্ভধারিণী মা আদরিনী সরকার, প্রভাষক এম এ মোত্তালিব মিহিরের গর্ভধারিণী মা মোছা. জামিলা বিবি, শরিফুল রাজের গর্ভধারিণী মা জাহানারা বেগম, অভিনেত্রী তানজিন তিশার গর্ভধারিণী মা উম্মে সালমা বেগম, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অ্যান্টি করাপশন) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম’র গর্ভধারিণী মা জিন্নাতুন্নেসা। অনুষ্ঠানে বক্তব্য প্রদানের পাশাপাশি মনোনীতদের হাতে পদক তুলে দেন বীর মুক্তিযোদ্ধা ও সংগীতশিল্পী লীনু বিল্লাহ, শিক্ষক নাট্যব্যক্তিত্ব রহমত আলী, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও বেণীবুননের স্বত্ব্বাধিকারী সাহেদুল ইসলাম হেলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্তা ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কবিরুল ইসলাম রতনের কোরিওগ্রাফিতে তিনটি দলীয় নৃত্য পরিবেশন করেন ওয়াহিদা মল্লিক জলি, আসাদ খান, সিনথিয়া ইয়াসমিন ও নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীবৃন্দ।
গান পরিবেশন করেন আরটিভি বাংলা’র গায়েন ও আরটিভি ইয়াং স্টারের শিল্পীবৃন্দ।
