ব্যক্তিগত জীবনের গভীর শোককে আড়াল করে আবারো কাজে ফিরলেন টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। স্বামী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর পর এটাই তার প্রথম কাজ। আগামী ১২ই জুন ওটিটিতে মুক্তি পাচ্ছে বিক্রম চট্টোপাধ্যায় প্রযোজিত প্রথম ওয়েব সিরিজ ‘তারকাটা’। মুক্তিকে সামনে রেখে শুরু হয়েছে জোর প্রচারণা। সম্প্রতি সিরিজটির এক প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাকুশলীরা।
সাদা শাড়ি, মানানসই ব্লাউজ ও আকর্ষণীয় হেয়ারস্টাইলে নজর কাড়েন প্রিয়াঙ্কা। ব্যক্তিগত শোক বুকে নিয়ে হাসিমুখে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। সহশিল্পীদের সঙ্গে আড্ডা এবং ট্রেলার প্রদর্শনীতে তার উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে মজার ছলে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয়, বাস্তব জীবনেও তিনি কখনো ‘তারকাটা’ হয়ে যান কিনা। জবাবে অভিনেত্রী বলেন, প্রচণ্ড গরমে, খুব ক্ষুধা পেলে কিংবা নিজের জন্য সময় না পেলে আমি তারকাটা হয়ে যাই। এখন একটু একা সময় কাটানো আমার খুব প্রয়োজন।
নিজেকে কীভাবে সামলে নেন এমন প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন, নিজের জন্য কিছু সময় বের করি। কী করলে মন ভালো থাকবে সেটা বোঝার চেষ্টা করি। তারপর সেই কাজটাই করি। এভাবেই কাটা তারগুলো আবার জুড়ে যায়। সিরিজের প্রচারে ছেলে সহজকে নিয়েও কথা বলেন তিনি। প্রিয়াঙ্কার ভাষ্য, আমি ভাগ্যবান যে সহজ তারকাটা হয়েই জন্মেছে। ও আমাকে অনুপ্রেরণা দেয়। আমরা দু’জন মিলে এই ক্রেজিনেস উপভোগ করার চেষ্টা করি।
