সিনেমা ও সিরিজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন হাল সময়ের অভিনেত্রী নাজিফা তুষি। তারই ধারাবাহিকতায় এবার ‘অ্যানি’ নামক একটি সিরিজে অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। পাঁচ বছর বিরতির পর নতুন কাজ নিয়ে ফিরলেন এ পরিচালক। বিশ্বের অন্যতম প্রভাবশালী সিরিজকেন্দ্রিক উৎসব ‘সেরিয়েনক্যাম্প
ফেস্টিভ্যাল’র ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে ‘অ্যানি’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। জার্মানির কোলনে অনুষ্ঠেয় উৎসবে আগামী ৯ই জুন মিনি সিরিজটির প্রদর্শনী হবে। এদিকে, এ বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার গুলশানের একটি হাউজে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন- নাজিফা তুষিসহ অন্য শিল্পী ও প্রযোজকরা।
এখানে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে নাজিফা তুষি বলেন, আমি ‘অ্যানি’ করি ২০২৩ সালে। তখন আমার ‘হাওয়া’ ছবিটি মুক্তি পেয়েছে। এটা ফাইনালি আসছে। এ সময়টা আমার জন্য স্পেশাল। ‘অ্যানি’ আমার বিশেষ পছন্দের কাজ। এটি নিয়ে খুব বেশি বলা যাবে না। কারণ এখনো ট্রেলার প্রকাশ হয়নি। আমি এখানে নার্সের ভূমিকায় অভিনয় করেছি, যার পাঁচ ভাইবোন। তাদের বাবা-মা নেই। তখন একটা পেন্ডামিক ফেস করি। তবে
এটা মেন্টাল। অন্যরকম একটি কনসেপ্টের গল্প। এখানে তিন মাস শুটিং ও রিহার্সেল করি। তুষি বলেন, ‘অ্যানি’ করতে গিয়ে আমি অনেক স্ট্রং হয়েছি। আমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। এটা আমার ড্রিম যে, পরিচালক সাদ আমাকে কাস্ট করেছেন। যখন তিনি আমাকে প্রথম পর্ব পড়তে দেন, পড়েই আমি থ হয়ে যাই। আমি বলেছিলাম, এটা আপনি কী লিখলেন! এতটা ভালো লাগছে। আর কাজটি করতে গিয়ে আমরা পরিবার হয়ে গিয়েছি। এ কাজটি আমার জীবনে অনেক প্রভাব ফেলেছে। বাকিটা পরে বলতে চাই।
