হাম

সিলেটে একদিনে ৩ শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

সিলেটে একদিনে ৩ শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে তারা মারা যান বলে চিকিৎসকরা জানান। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়। শুক্রবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এই তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৩ জনে।

গেল ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুরা হলো- সিলেট মহানগরীর আখালিয়া সুরমা আবাসিক এলাকার আবদুল মুমিনের ছেলে ৫ মাস বয়সী মাহাদি হাসান, দক্ষিণ সুনামগঞ্জের সুন্নাহ মিয়ার ছেলে ৬ মাস বয়সী মুসতাকিন ও সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার সুরেশনগরের ৭ মাস বয়সী জাকারিয়ার মেয়ে জারা। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ জন। এখন পর্যন্ত সিলেট বিভাগে নমুনা পরীক্ষায় হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৪২ জন।

সিলেটে ল্যাব টেস্টের সুযোগ না থাকায় উপসর্গ নিয়ে আসা রোগীদের হামের চিকিৎসা দেয়া হচ্ছে। কোনো রোগীর অবস্থা সংকটাপন্ন হলে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষা করে রিপোর্ট আনা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গেল ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৫৩ শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন ভর্তি হয়েছেন।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন