ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখলা বাজারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গতকাল এ ঘটনায় রনি মিয়া, জুনায়েদ আলম রিজেন্টসহ আরও ১০-১২ জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। অভিযোগ সূত্রে জানা গেছে- অভিযুক্তরা সংঘবদ্ধভাবে বাজারের ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন কর দোকান খালি করার নির্দেশ দিচ্ছেন। তারা নিজেদের জমির মালিক দাবি করে দোকানদারদের উচ্ছেদের চেষ্টা চালাচ্ছেন।
ধানীখলা বাজারের ব্যবসায়ী মো. আবুবকর সিদ্দিক বলেন- বাজারে যাদের ঘর রয়েছে, তারাই প্রকৃত মালিক। কিন্তু যারা দখলের চেষ্টা করছে, তাদের দলিলের দাগ নম্বর সম্পূর্ণ ভিন্ন। একই দাবি করেন আরেক ব্যবসায়ী জুবায়ের হোসেন। তিনি বলেন- আমরা বহু বছর ধরে এখানে ব্যবসা করছি। হঠাৎ করে কিছু লোক এসে উচ্ছেদের হুমকি দিচ্ছে, যা সম্পূর্ণ অন্যায়। প্রশাসনের কাছে আমাদের দাবি সঠিক তদন্ত করে প্রকৃত মালিকদের অধিকার নিশ্চিত করা হোক। তবে অভিযুক্তদের পক্ষ থেকে রনি মিয়া দাবি করেন- জমির বৈধ মালিক তারাই। তিনি বলেন, আমাদের কাছে সব বৈধ কাগজপত্র রয়েছে।
বর্তমানে অন্যরা জোরপূর্বক জমি দখল করে আছে। কাজের ব্যস্ততার কারণে এখনই কাগজ দেখাতে পারছি না, পরে দেখানো হবে। স্থানীয় সূত্রে জানা যায়- বাজারের বিআরএস দাগ নম্বর অনুযায়ী জমিদার ভূপেন্দ্র নারায়ণ আচার্য চৌধুরী ১৯৪৭ সালে কবুলিয়তের মাধ্যমে আলিম বেপারী, ছমির উদ্দিন সরকার, অজিত বেপারী, শহর আলী, হামেদ আলী ফরাজিসহ একাধিক ব্যক্তির নামে মোট ১.২৬ একর জমি হস্তান্তর করেন। বর্তমানে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বাজারে অস্থিরতা বিরাজ করছে। এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল।
