পশ্চিমবঙ্গে ২টি আসনের ১৫টি বুথে পুনর্নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে কোনো পুনর্নির্বাচনের ঘোষণা না হলেও দ্বিতীয় দফায় বিভিন্ন জায়গায় গোলমাল ও অসঙ্গতির পরিপ্রেক্ষিতে দক্ষিণ ২৪ পরগণার দুটি আসনের ১৫টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। মগরহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে শনিবার সকাল ৭টা থেকে বের ভোটগ্রহণ শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। শুক্রবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে পুনর্নির্বাচনের সিদ্ধান্তের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। তবে ইভিএমে টেপ বিতর্কে ফলতার ৩০টি বুথেও পুনর্নির্বাচনের প্রস্তাব দিয়েছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত।  ফলতায় পুনর্নির্বাচনের প্রসঙ্গে কমিশনের তরফে পর্যন্ত শনিবার সকাল পর্যন্ত কিছু জানানো হয়নি। দ্বিতীয় দফায় গোলমালের পরিপ্রেক্ষিতে তিনটি জেলার ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিজেপিসহ রাজনৈতিক দলের সংশ্লিষ্ট প্রার্থীরা। তবে কমিশন আগেই জানিয়ে দিয়েছিল দক্ষিণ ২৪ পরগণা ছাড়া অন্য জেলাদুটিতে পুনর্নির্বাচনের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না।

কমিশন সূত্রে খবর, ৩২টি অভিযোগ জমা পড়ে ফলতা থেকে, ডায়মন্ড হারবার থেকে ২৯টি, মগরাহাট থেকে ১৩ ও বজবজ থেকে ৩টি অভিযোগ জমা পড়েছে। কোথাও ইভিএমে টেপ লাগিয়ে দেওয়া, কোথাও আবার ইভিএমে আতর লাগিয়ে দেওয়া বা ক্যামেরায় রুমাল চাপা দেওয়ার অভিযোগ এসেছিল।

পুনর্নির্বাচনের প্রয়োজন রয়েছে কি না, তা স্ক্রুটিনি করে দেখে সিদ্ধান্ত নেয় কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্ক্রুটিনি পর্যবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন কমিশন-নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে। পুনর্নির্বাচন সংক্রান্ত স্ক্রুটিনির বিষয় খতিয়ে দেখে সুব্রত গুপ্ত রিপোর্ট দেন কমিশনকে। তার পরেই পুনর্নির্বাচনের সিদ্ধান্তের কথা জানানো হয়।
সূত্রের খবর, দিল্লিতে পাঠানো প্রস্তাবে সুব্রত গুপ্ত জানিয়েছেন, ফলতার প্রায় ৩০টি বুথে পুনর্নির্বাচন করা হোক। একই দাবি জানিয়েছেন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তার মতে, ফলতায় পুনর্নির্বাচন হওয়া উচিত। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ-ও বলেন, ‘ডায়মন্ড হারবারে ৪টি এবং মগরাহাটে ১১টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। যদিও ডায়মন্ড হারবারে ১৬টি বুথে সমস্যা ছিল বলে তিনি দাবি করেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন