আইএইএ প্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক

উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা

আইএইএ প্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক

ফন্ট সাইজ:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চপর্যায়ের পারমাণবিক আলোচনা শুরুর আগে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। সম্ভাব্য সামরিক সংঘাত এড়াতে ও উত্তেজনা কমাতে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় আরাগচি বলেন, ন্যায্য ও ভারসাম্যপূর্ণ একটি চুক্তিতে পৌঁছাতে আমি জেনেভায় বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে এসেছি। হুমকির মুখে আত্মসমর্পণ কোনোভাবেই আলোচ্য নয়।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, পরিস্থিতি অবনতি হলে তা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে দ্বিতীয় বিমানবাহী রণতরীসহ অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েন করেছে।

জেনেভায় পৌঁছে আরাগচি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠক করেন। সংস্থাটি, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশাধিকারের দাবি জানিয়ে আসছে।

গত জুনে ১২ দিনের সংঘাতে বোমাবর্ষণের পর এসব স্থাপনায় উচ্চমাত্রায় ইউরেনিয়াম ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তেহরান জানিয়েছে, সম্ভাব্য তেজস্ক্রিয়তার ঝুঁকি থাকায় পরিদর্শনের জন্য বিশেষ প্রোটোকল প্রয়োজন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, আসন্ন মধ্যস্থতাকৃত আলোচনায় আইএইএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে তিনি অভিযোগ করেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা না করায় গ্রোসি দায়িত্ব পালনে নিরপেক্ষতার পরিচয় দেননি।

এদিকে আরাগচি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গেও বৈঠক করবেন। ওমানই ইরান-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আলোচনার প্রথম দফায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল।

তেহরান পুনর্ব্যক্ত করেছে, ওয়াশিংটনের ‘শূন্য মাত্রার’ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দাবি তারা মেনে নেবে না। একই সঙ্গে ইরান স্পষ্ট করেছে, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি একটি ‘লাল রেখা’Ñ যা কোনোভাবেই আলোচনার টেবিলে তোলা হবে না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন