ভারতের পশ্চিমবঙ্গসহ চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট শেষ হয়েছে। এগুলো হল- কেরালায়, তামিলনাডু, আসাম ও পুদুচেরি। এই সব রাজ্যেরও বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়েছে। অধিকাংশ জরিপে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ডিএমকের জয়ের পূর্বাভাস দিয়েছে। যেখানে অন্তত তিনটি সংস্থা পূর্বাভাস দিয়েছে যে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ডিএমকে ১২২ থেকে ১৪৫টি আসনের মধ্যে যেকোনো সংখ্যক আসন পাবে। তামিলনাড়ুতে ২৩৪টি বিধানসভা আসন রয়েছে।
তামিলনাড়ুতে অ্যাক্সিস মাই ইন্ডিয়া সংস্থাটি শাসক ডিএমকে এবং বিজয়ের টিভিকে-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে, যে দলটি এই নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়েছে। স্ট্যালিনের নেতৃত্বাধীণ ডিএমকে ৯২-১১০টি আসন পাবে বলে আশা করা হচ্ছে। সেখানে বিজয়ের দল ৯৮-১২০টি আসন পাবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। রাজ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী এনডিএ ২২-৩২টি আসন পেয়ে তৃতীয় স্থানে নেমে যাবে বলে অনুমান করা হয়েছে। একটি জরিপে বলা হয়েছে যে, এআইএডিএমকে এবং তার মিত্ররা ১২৮-১৪৭টি আসন পেয়ে জিতবে।
পিপলস পালস পূর্বাভাস দিয়েছে, ডিএমকে এবং তার মিত্ররা ১২৫-১৪৫টি আসন জিতবে, যেখানে এআইএডিএমকে এবং তার মিত্ররা ৬৫-৮০টি আসন পাবে। পিপলস ইনসাইট ডিএমকে ও তার মিত্রদের ১২০-১৪০টি আসন এবং এআইএডিএমকে ও তার মিত্রদের ৬০-৭০টি আসন পাওয়ার পূর্বাভাস দিয়েছে। প্রজা পোল জানিয়েছে, ডিএমকে ও তার সহযোগীরা ১৪৮-১৬৮টি আসন পাবে; এআইএডিএমকে ও তার মিত্ররা পেতে পারে ৬১-৮১টি আসন। টিভিকে ১ থেকে ৯টি আসন জিতবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
পি-মার্ক ডিএমকে ও তার মিত্রদের ১২৫-১৪৫টি আসন; এআইএডিএমকে ও তার মিত্রদের ৬৫-৮৫টি আসন এবং অভিনেতা বিজয়ের টিভিকে-কে ১৬-২৬টি আসন দিয়েছে। ম্যাট্রিজ ডিএমকে ও তার মিত্রদের ১২২-১৩২টি আসন; এআইএডিএমকে ও তার মিত্রদের ৮৭-১০০টি আসন এবং অভিনেতা বিজয়ের টিভিকে-কে ১০ থেকে ১২টি আসন দিয়েছে।
কামাখ্যা অ্যানালিটিক্স ডিএমকে ও তার মিত্রদের ৭৮-৯৫টি আসন; এআইএডিএমকে ও তার মিত্রদের ৬৮-৮৪টি আসন এবং অভিনেতা বিজয়ের টিভিকে ও তার মিত্রদের ৬৭-৮১টি আসন দিয়েছে। এক্সিট পোলের ফলাফল যদি অপরিবর্তিত থাকে, তবে এটি অভিনেতার নতুন দলকে একটি বড় ভূমিকা পালনের জন্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। জেভিসি সংস্থা তাদের জরিপে ডিএমকে ও তার মিত্রদের ৭৫-৯৫টি আসন; এআইএডিএমকে ও তার মিত্রদের ১২৮-১৪৭টি আসন এবং অভিনেতা বিজয়ের টিভিকে-কে ৮-১৫টি আসন দিয়েছে।
অ্যাক্সিস মাই ইন্ডিয়ার জরিপে আসামে বিজেপি জোট ৮৮-১০০টি আসন পাবে, ক্ষমতা ধরে রাখবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। কংগ্রেস জোট ২৪-৩৬টি আসন পাবে। এআইইউডিএফ এই নির্বাচনে কোনো আসন পাবে না বলে মনে করা হচ্ছে এবং অন্যান্যরা শূন্য থেকে তিনটি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জনমত জরিপে বিজেপি নেতৃত্বাধীন জোটের জন্য ৮৭-৯৮টি আসন এবং কংগ্রেস জোটের জন্য ২৯-৩০টি আসনের পূর্বাভাস দিয়েছে। জেভিসি-র সমীক্ষায় বলা হয়েছে, এনডিএ ৮৮-১০১টি আসন, কংগ্রেস নেতৃত্বাধীন ব্লক ২৩-৩৩টি আসন এবং এআইইউডিএফ জোট ২-৫টি আসন জিতবে। ম্যাট্রিজ-এর জরিপ বিজেপি নেতৃত্বাধীন জোটের জন্য ৮৫-৯৫টি আসনের পূর্বাভাস দিয়েছে, যার পরে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ব্লকের জন্য ২৫-৩২টি আসন।
অন্যদিকে কেরালায় বাম নেতৃত্বাধীন জোটের পতনের ইঙ্গিত দেয়া হয়েছে । অ্যাক্সিস মাই ইন্ডিয়ার জরিপে পূর্বাভাস দেয়া হয়েছে বাম জোট এলডিএফ ৪৯ থেকে ৬২টি আসন পাবে। ৭৮-৯০ টি আসন পেয়ে ক্ষমতায় আসবে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট। অন্য তিনটি এক্সিট পোল ইউডিএফ-এর জয়ের পূর্বাভাস দিয়েছে। পিপলস পালস ইউডিএফ-এর জন্য ৭৫-৮৫টি আসনের পূর্বাভাস দিয়েছে। ভোট ভাইব ইউডিএফ-এর জন্য ৭০-৮০টি আসনের পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে পিপলস ইনসাইট ইউডিএফ-এর জন্য ৬৬-৭৬টি আসনের পূর্বাভাস দিয়েছে। তিনটি এক্সিট পোলের পূর্বাভাস অনুযায়ী, পুদুচেরিতে এনডিএ ১৬ থেকে ২৫টি আসন নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসবে। এক্সিট পোলগুলোতে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের জন্য ৬থেকে ১২টি আসনের পূর্বাভাস দেয়া হয়েছে।
