নাটক ও চলচ্চিত্র অভিনেতা তারিকুজ্জামান তপনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। প্রিয় সহকর্মীকে হারিয়ে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা শাহেদ শরীফ খান। সেখানে তিনি প্রশ্ন তুলেছেন- এই শিল্পমাধ্যমে শিল্পীদের প্রকৃত সম্মান আদৌ কতোটা নিশ্চিত?
শাহেদ জানান, সহকর্মীর মৃত্যুসংবাদ তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।
তিনি তার নিজের মঞ্চনাটকের শুরুর দিনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই এই অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন। কিন্তু পথচলায় নানা বাধা, দলাদলি ও অব্যবস্থাপনার মুখোমুখি হতে হয়েছে। তার অভিযোগ, পূর্বসূরি অনেক শিল্পী নিজেদের অবস্থান শক্ত করলেও পরবর্তী প্রজন্মের জন্য তেমন কোনো জায়গা তৈরি করেননি। তাদের কথা ভাবেননি। শাহেদ বলেন, তারা শুধু নিজেদের চেয়ারের কথা ভেবেছেন, কিন্তু অন্যদের জন্য জায়গা করে দেননি।
শিল্পীদের ঐক্যের অভাবের বিষয়টিও তুলে ধরেন তিনি। তার ভাষায়, ন্যায্য পারিশ্রমিক ও সম্মান আদায়ে শিল্পীদের একসঙ্গে দাঁড়ানোর সংস্কৃতি তৈরি হয়নি। ফলে সময়ের সঙ্গে সঙ্গে নাটক ও শিল্পের মূল্য কমে গেছে, যা শিল্পীদের জন্য হতাশাজনক। তিনি আরও বলেন, একজন সহকর্মীর মৃত্যু শুধু একজন মানুষকে হারানো নয়, এটি আমাদের পুরো শিল্পজগতের নীরব ব্যর্থতার প্রতিচ্ছবি। একইসঙ্গে তপনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি সহকর্মীদের হৃদয়ে সব সময় বেঁচে থাকবেন।
