বিজেপির দাবি, বাংলা মিডিয়ামে পড়া-বাংলা বলা, বাংলার মাটির লোক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার ভোট চলাকালীন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ জুটি প্রচারে ভোটের উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, ভোটের দিনও টেলিপ্রম্পটার দেখে প্রচার করতে এসেছেন বাংলায়! আসলে এসেছেন হাওয়া গরম করতে। বিজেপির এজেন্ট তো নেই। ওটা তো এজেন্সি হয়ে গেছে। এখানে এতগুলো আসনে ভোট হচ্ছে আর ভোটের দিন বলছেন আপনারা জিতছেন! কীভাবে বলছেন? এটা তো জনগণ ঠিক করবেন।
এদিন প্রধানমন্ত্রী কৃষ্ণনগর, মথুরাপুর ও হাওড়ায় জনসভা করেছেন। সভাগুলি থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তৃণমূল কংগ্রেসকে একের পর এক আক্রমণে বিদ্ধ করেছেন তিনি। তিনি ঝালমুড়ি খাওয়ার প্রসঙ্গ তুলে বলেন, ঝালমুড়ি খেলাম আমি আর ঝাল লেগেছে তৃণমূল কংগ্রেসের।
এ দিন অনুপ্রবেশ ইস্যুই ছিল মোদি ও অমিত শাহের ভাষণের মূল সুর । মোদি বলেন, তৃণমূল অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে। তার আরও দাবি, অনুপ্রবেশকারীরা এসে পশ্চিমবঙ্গবাসীর অধিকার ছিনিয়ে নিচ্ছে। এছাড়া তৃণমূল 'লুটের রাজনীতি' করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। এই আবহে ভোটারদের উদ্দেশ্যে মোদির বার্তা, 'সুরক্ষিত, সমৃদ্ধ, বিকশিত পশ্চিমবঙ্গের জন্য ভোট দিন। বিজেপি প্রার্থীদের জেতান।
এদিকে দক্ষিণবঙ্গে প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, শুধু ভোটার লিস্ট থেকে নয়, দেশ থেকে অনুপ্রবেশকারীদের তাড়াব। শাহের দাবি, তৃণমূলের নেতা-মন্ত্রীরা অনুপ্রবেশকারীদের জামাই আদর করে ভোটার লিস্টে জায়গা করে দিয়েছে। তার কথায়, বিজেপি সরকার ক্ষমতায় এলেই একজন অনুপ্রবেশকারীও দেশে ঢুকতে পারবে না। আর যারা ঢুকে পড়েছে, তাদের তাড়ানো হবে।
বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী কে হবেন, তারও ইঙ্গিত দেন শাহ। তবে সেই পুরোনো সুরেই। তাঁর কথায়, ‘বাংলা মিডিয়ামে পড়া, বাংলা বলা, বাংলার মাটির লোক মুখ্যমন্ত্রী হবেন। অন্য কেউ হবেন না।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝালমুড়ি খাওয়া নিয়ে আবার কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, আমি যদি কোনও দোকানে যাই তবে স্বতস্ফূর্ত ভাবে যাব। আগে থেকে নিশ্চয়ই টিভি ক্যামেরা ফিট করা থাকবে না। দোকানে আগে থেকে টিভি ক্যামেরা ফিট রেখেছিল। সিকিউরিটি দিয়ে ঝালমুড়ি বাড়ি থেকে বানিয়ে এনেছিল। পকেট থেকে সাজানো চকচকে নোট বার করেছিল।’’ তার পরেই মোদির উদ্দেশে মমতা বলেন, এখন বলছে জিতে ঝালমুড়ি খাওয়াবেন। আপনাকে ভেলপুরি পাঠাব। দিল্লিতে পাওয়া যায়। ওখানে ঝালমুড়ি পাওয়া যায় না। আপনি ১০ টাকা নিয়ে এসেছেন। আগের বার বলেছিলেন চাওয়ালা, এখন ঝালমুড়ি দেখাচ্ছেন। ঝালমুড়ির ঝাল খেয়ে তো আমরা অভ্যস্ত। আপনি কখনও মাছভাত খেয়েছেন?

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন