ইরান যুদ্ধের বড় ধাক্কা, ক্ষতিগ্রস্ত প্রায় ৫০০ বাংলাদেশি শ্রমিক: মালয়েশিয়ায় গ্লাভস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডব্লিউআরপি বন্ধ ঘোষণা

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রত্যক্ষ প্রভাবে মালয়েশিয়ার গ্লাভস প্রস্তুতকারী কোম্পানি ডব্লিউআরপি এশিয়া প্যাসিফিক সিন্দিরিয়ান বারহাদ তার সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সেপাংয়ে অবস্থিত এই কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় ৩০৪ জন স্থানীয় এবং ১ হাজার ১২২ জন বিদেশি শ্রমিকসহ মোট ১ হাজার ৪২৬ জন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। যার মধ্যে প্রায় ৫০০ জনের বেশি বাংলাদেশি শ্রমিক রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম দি এজ মালয়েশিয়া জানিয়েছে, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় (কেসুমা) মঙ্গলবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে একজন সম্পদ নিষ্পত্তিকারী (লিকুইডেটর) নিয়োগ করেছে এবং গত ১৫ এপ্রিল থেকে তাৎক্ষণিক কার্যকরে সকল কর্মীকে চাকরিচ্যুতির নোটিশ প্রদান করেছে।

দি এজ মালয়েশিয়া, আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ-এর উদৃতি দিয়ে আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি ও পেট্রোকেমিক্যাল সরবরাহ শৃঙ্খলে মারাত্মক বিঘ্ন ঘটায় কোম্পানিটি এপ্রিল মাসেই উৎপাদন গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। গত ৩১ মার্চ ক্রেতাদের কাছে পাঠানো এক চিঠিতে কোম্পানি জানায়, পেট্রোকেমিক্যাল-ভিত্তিক কাঁচামাল ও রাসায়নিকের মূল্য হঠাৎ বেড়ে যাওয়া এবং সরবরাহের সময়সীমা অনিশ্চিত হয়ে পড়ার পাশাপাশি সরবরাহকারীরা অগ্রিম পেমেন্ট দাবি করতে শুরু করায় কোম্পানিটি এই সিদ্ধান্তে বাধ্য হয়েছে।

দি এজ মালয়েশিয়া, মালয়েশিয়ার শ্রম বিভাগ (জেটিকেএসএম) এর রেফারেন্স দিয়ে আরও লিখেছে, গত ১৬ এপ্রিল কর্মীদের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর পরদিনই নিশ্চিত করা হয় যে, কোম্পানিটি একজন অবসায়ক নিয়োগ দিয়েছে। ১৭ এপ্রিল জেটিকেএসএম অবসায়ক, সামাজিক নিরাপত্তা সংস্থা (সোকসো) এবং রয়্যাল মালয়েশিয়া পুলিশের সঙ্গে একটি বৈঠক করে। বৈঠকে অবসায়ক মজুরি ও ক্ষতিপূরণ দাবি নিষ্পত্তি, বেতনের অবস্থা এবং অস্থায়ী চুক্তি প্রদানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন।

দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, মার্চ মাসের বেতন ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। এপ্রিলের বেতন নিয়মিত প্রক্রিয়াধীন রয়েছে। মজুরি ও ছাঁটাই ক্ষতিপূরণ-সংক্রান্ত সকল দাবি 'প্রুফ অব ডেব্ট (পিওডি)' ফর্মের মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে নিষ্পত্তি করা হবে। এছাড়া কিছু স্থানীয় শ্রমিককে নথি ব্যবস্থাপনা, আর্থিক বিষয় ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ কাজে অস্থায়ী চুক্তিতে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে।

দি এজ মালয়েশিয়া আরও জানিয়েছে, বিদেশি শ্রমিকদের বিষয়ে মন্ত্রণালয় বলেছে, ডব্লিউআরপি নিশ্চিত করেছে যে, তাদের স্থানান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত থাকা-খাওয়ার ব্যবস্থা অব্যাহত থাকবে। একইসঙ্গে বিদেশি শ্রমিকদের জন্য নতুন নিয়োগকর্তার কাছে চাকরির ব্যবস্থা করার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করা হলেও তারা বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন