বনানীতে সড়ক বিভাজকে বাসের ধাক্কা, নিহত ২

ফন্ট সাইজ:

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে বনানী সেতু ভবনের পাশে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, মো. মোসলিম উদ্দিন (৭৪) ও মো. সাগর (৪৫)। তারা দু’জনই দিনমজুরের কাজ করতেন। সাগর গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার মহিষবন্দী গ্রামের চান্দু মিয়ার ছেলে। অন্যদিকে মোসলিম উদ্দিন রাজধানীর মিরপুরের ইশাখাঁ রোডের ২৬৬/৩/ডি নম্বর বাসায় পরিবারসহ বসবাস করতেন। তিনি অসীম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূঁইয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে (মাঝখানের বিভাজক অংশে) সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। নিহত দু’জন সড়ক বিভাজকের সৌন্দর্যবর্ধনের কাজ করছিলেন।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় দু’জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাসটি জব্দ করা হয়েছে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন