রাজধানীর যাত্রাবাড়ির দয়াগঞ্জ রেলগেট ও টঙ্গী রেলগেট এলাকায় পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মো. আজমল হোসাইন (৫৫) ও মো. শাকিল (৪৫)। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে দয়াগঞ্জ রেলগেটে রাস্তা পারাপারের সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন আজমল হোসাইন। পরে সকাল ১১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আজমলের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানার পান্তি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ির দয়াগঞ্জ এলাকায় বসবাস করতেন এবং সদরঘাটে পাঞ্জাবির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
অপরদিকে, একইদিন দিবাগত রাত পৌনে ৩টার দিকে টঙ্গী রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় কমলাপুরগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো. শাকিল (৪৫) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুর আলম বলেন, আমরা রাতের দিকে খবর পেয়ে টঙ্গী রেলগেট এলাকায় এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে পৌনে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, নিহত আজমল হোসেনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
