চীনে ইরানের তেল রপ্তানি ঠেকাতে যুক্তরাষ্ট্রের ‘সর্বোচ্চ চাপ’, বৈঠকে একমত ট্রাম্প-নেতানিয়াহু

চীনে ইরানের তেল রপ্তানি ঠেকাতে যুক্তরাষ্ট্রের ‘সর্বোচ্চ চাপ’, বৈঠকে একমত ট্রাম্প-নেতানিয়াহু

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগে একমত হয়েছেন। বিশেষ করে চীনের কাছে ইরানের তেল রপ্তানি কমাতে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প ও নেতানিয়াহু এ বিষয়ে আলোচনা করেন। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, আমরা ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগে পূর্ণ শক্তি নিয়ে এগোতে সম্মত হয়েছি, বিশেষ করে চীনে ইরানি তেল বিক্রির বিষয়ে।

এ প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানায়, আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে দেশগুলোর স্বাভাবিক সহযোগিতা যৌক্তিক ও বৈধ, এবং তা সম্মান ও সুরক্ষা পাওয়া উচিত।

বর্তমানে ইরানের মোট তেল রপ্তানির ৮০ শতাংশেরও বেশি যায় চীনে। ফলে এই বাণিজ্য কমে গেলে ইরানের তেল আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর মধ্যে ওমানের মধ্যস্থতায় গত সপ্তাহে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন ও ইরানি কূটনীতিকদের মধ্যে আলোচনা হয়েছে। কূটনৈতিক প্রচেষ্টা পুনরুজ্জীবিত করার এই উদ্যোগের পাশাপাশি যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে নৌবহর মোতায়েন করেছে। মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে টানা কয়েক সপ্তাহব্যাপী সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতিও নিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


A R Sarker

৩ মাস আগে

আগে আমেরিকা বৃটেন কে সাথে নিয়ে সিদ্ধান্ত নিতো এখন ইসরায়েল কে নিয়ে নেয়। ইংগো মার্কিন স্থলে এখন ইসরো মার্কিন স্থান পেয়েছে।

মন্তব্য করুন