ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার শান্তি আলোচনার আয়োজন সফলভাবে সম্পন্ন করেছে পাকিস্তান সরকার। দেশটি দ্বিতীয় দফার বৈঠক আয়োজনের জন্য এখনো মরিয়া হয়ে ছুটছে। ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠকে যুক্তরাষ্ট্র রাজি থাকলেও ইরান এখন পর্যন্ত সবুজ সংকেত দেয়নি। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, দ্বিতীয় দফার আলোচনায় যোগ দিতে তাদের কোনো পরিকল্পনা নেই।
গত সোমবারই ইসলামাবাদে ইরানি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে পুনরায় বৈঠক হওয়ার কথা ছিল। এনিয়ে পুরো শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পাকিস্তান সরকার। ইসলামাবাদে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত ২০ হাজার সদস্য। সেখানে সরকারি সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে অনলাইনে ক্লাস। কার্যত লকডাউনে ইসলামাবাদ।
বুধবার (২২ এপ্রিল) বিবিসির বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সরকারের এসব আয়োজন বৃথা যাওয়ার পথে। এখন পর্যন্ত চলতি সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকের তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
এদিকে, তেহরানের স্থানীয় সময় বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় ১৪ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল। তবে শেষমেশ, অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
তবে ট্রাম্পের এই ঘোষণায় বিশ্বাস রাখতে পারছে না ইরান। দেশটি ইতিমধ্যে জানিয়েছে দিয়েছে, ট্রাম্পের এই যুদ্ধবিরতির অর্থ হলো নতুন করে ইরানে হামলার জন্য প্রস্তুতি নেয়া।
