১১৪ বছরের লজ্জায় দিশেহারা চেলসি

১১৪ বছরের লজ্জায় দিশেহারা চেলসি

ফন্ট সাইজ:

ইংলিশ প্রিমিয়ার লীগে বিষাদের অতল গহ্বরে ডুব দিলো চেলসি। ব্রাইটনের বিপক্ষে মঙ্গলবার ৩-০ গোলের হার ব্লুদের ১১৪ বছর আগের এক অন্ধকার অধ্যায়ে ফিরিয়ে নিয়ে গেল। ১৯১২-এর নভেম্বরে টানা পাঁচ লীগ ম্যাচ হারের পথে গোল করতে ব্যর্থ হয় চেলসি। ১১৪ বছর পর প্রথমবারের মতো সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হলো ক্লাবটি।
ঘরের মাঠ অ্যামেক্স স্টেডিয়ামে ব্রাইটনের হয়ে গোল করেন ফের্দি কাদিওলু, জ্যাক হিনশেলউড এবং ড্যানি ওয়েলব্যাক। পুরো ম্যাচে স্রেফ ছয়টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি চেলসি। দলের এমন হতশ্রী পারফরম্যান্স দেখে ক্ষুব্ধ সমর্থকরা ফুটবলারদের দুয়ো দিতেও ছাড়েননি। ম্যাচের পর চরম হতাশা ব্যক্ত করে কোচ লিয়াম রোজেনিয়র বলেন, ‘(ম্যাচে) পেশাদারত্বের অভাব ছিল। আমার পুরো ক্যারিয়ারে এখন পর্যন্ত এটিই সবচেয়ে কঠিন রাত। খেলার প্রতিটি দিক থেকে এই পারফরম্যান্স ছিল অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য।’ শুরুর একাদশে অধিকাংশ খেলোয়াড়দের নিবেদনের অভাব দেখছেন রোজেনিয়র। তিনি বলেন, ‘আমাদের নিজেদের আয়নায় দেখা উচিত, আমার নিজেকে আয়নায় দেখা উচিত। একাদশের হয়তো তিন-চারজন বাদে বাকি সবার মধ্যে সাধারণ দৃষ্টিভঙ্গি, জেদ এবং সংকল্পের অভাব ছিল।’
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৮ ম্যাচের ৭টিতেই হারলো চেলসি। তাদের একমাত্র জয়টি আসে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে, ইংলিশ ফুটবলের তৃতীয় বিভাগের ক্লাব পোর্ট ভ্যালের বিপক্ষে। অথচ এক বছর আগেই ক্লাব বিশ্বকাপ ঘরে তোলে তারা। প্রিমিয়ার লীগে শেষ ৯ ম্যাচে তাদের চেয়ে কম পয়েন্ট পেয়েছে কেবল টটেনহ্যাম হটস্পার। কর্নার থেকে গোল হজমের পরিসংখ্যানে রক্ষণের নড়বড়ে অবস্থা দেখা যায় তাদের। চলতি মৌসুমে কর্নার থেকেই রেকর্ড ১১টি গোল খেয়েছে চেলসি।
এই হারে ৩৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে নেমে গেছে জায়ান্টরা। শীর্ষ পাঁচে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লীগ নিশ্চিত করা এখন তাদের জন্য প্রায় অসম্ভব।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন