নাহিদের ইয়র্কারে ওয়াকারের ছায়া দেখছেন টেইট

নাহিদের ইয়র্কারে ওয়াকারের ছায়া দেখছেন টেইট

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সাগরিকায় আগামীকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন দলের পেস বোলিং কোচ শন টেইট। সিরিজ নির্ধারণী এই ম্যাচকে সামনে রেখে চট্টগ্রামের উইকেট, তরুণ পেসারদের প্রস্তুতি, মোস্তাফিজুর রহমানের ফিটনেস এবং নাহিদ রানার দুর্দান্ত বোলিং নিয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি।

ঐতিহ্যগতভাবে চট্টগ্রামের উইকেট ব্যাটিং-বান্ধব হলেও টেইট মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে পরিস্থিতি যেমনই হোক না কেন, দ্রুত মানিয়ে নেয়াই আসল কাজ। তিনি বলেন, ‘এখানকার স্কয়ার বেশ ভালো। গত ১২ মাসে চট্টগ্রামে এত সুন্দর উইকেট আমি দেখিনি।’ পেসাররা যেকোনো কন্ডিশনে মানিয়ে নিতে প্রস্তুত বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন এই অজি কোচ।

তরুণ পেসার নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন টেইট। রানার ইয়র্কারে তিনি পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের ছায়া দেখছেন। টেইট বলেন, ‘রানা দারুণ অ্যাথলিট এবং অনেক ফিট। তার ইয়র্কারগুলো আমাকে ওয়াকার ইউনিসের দিনগুলো মনে করিয়ে দেয়। প্রচণ্ড গরমে নিজের কোটার পুরো ১০ ওভার ১৪০ কিলোমিটারের ওপর গতিতে বোলিং করতে পারাটা তার দুর্দান্ত ফিটনেসেরই প্রমাণ।’ রানার পাশাপাশি টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া তরুণ পেসার সাকিব ও রিপন মণ্ডলের অন্তর্ভুক্তি দলের পেস আক্রমণকে আরও শক্তিশালী করবে বলে তিনি বিশ্বাস করেন।

অন্যদিকে, ফিটনেস নিয়ে শঙ্কা থাকা অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়েও ইতিবাচক বার্তা দিয়েছেন টেইট। তিনি জানান, নেটে আজ তিন-চার ওভার বোলিং করেছেন মোস্তাফিজ। তাকে বেশ সাবলীল মনে হয়েছে। তবে তিনি খেলবেন কি না, তা চূড়ান্তভাবে নির্বাচকদের ওপর নির্ভর করছে।

সিরিজ নির্ধারণী ম্যাচ নিয়ে দলের মধ্যে কোনো বাড়তি চাপ নেই বলে নিশ্চিত করেছেন টেইট। ক্রিকেটাররা বেশ ফুরফুরে মেজাজে আছেন এবং একটি ভালো জয় দিয়ে সিরিজ নিশ্চিত করতে পুরো দল দারুণ আত্মবিশ্বাসী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন