দ্বিতীয় ওয়ানডেতে দাপুটে জয়ে নিউজিল্যান্ড সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে মাঠে নামার আগে দুংসংবাদ পেলো মেহেদী হাসান মিরাজরা। ধীরগতির বোলিং বা ‘স্লো ওভার রেট’-এর দায়ে টাইগারদের ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ আইসিসি জানায়, মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার কম বল করেছে বাংলাদেশ। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৫ শতাংশ হারে জরিমানা করার বিধান রয়েছে। সে হিসেবে, ২ ওভারের জন্য মিরাজ ও তার দলের প্রত্যেকের ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেয়া এই শাস্তির দায় স্বীকার করে নিয়েছেন মিরাজ। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও গাজী সোহেল, টিভি আম্পায়ার নিতীন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ধীরগতির বোলিংয়ের এই অভিযোগটি আনেন।
উল্লেখ্য, ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার পূরণ করেন নাহিদ রানা। রান তাড়ায় তানজিদ হাসান তামিমের ৭৮ এবং নাজমুল হোসেন শান্তর ৫০ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। সিরিজে এখন ১-১ সমতা। আগামীকাল চট্টগ্রামে তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দু’দল।
