মাঠে গড়ানোর দিনই রোমাঞ্চ ছড়ালো দীর্ঘ সংস্করণের বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল)। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখলো মধ্যাঞ্চল। আগে ব্যাট করতে নেমে তারা পূর্বাঞ্চলের দুই ডানহাতি পেসার ইবাদত-তোফায়েলের তোপে পড়ে। ১২৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে মার্শাল আইয়ুবের দল। সেখান থেকে সপ্তম উইকেটে প্রতিরোধ গড়েন উইকেটরক্ষক ব্যাটার আশিকুর রহমান শিবলী ও পেস বোলিং অলরাউন্ডার আবু হায়দার রনি। দু’জনের ১৫১ রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম দিন শেষ ৬ উইকেটে ২৭২ রান তুলে মধ্যাঞ্চল। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পূর্বাঞ্চলের অধিনায়ক জাকির হাসান।
ইনিংসের চতুর্থ ওভারে মধ্যাঞ্চলের ওপেনার মাহফিজুল ইসলাম রবিনকে সাজঘরে পাঠান ইবাদত হোসেন। ষষ্ঠ ওভারে তিনে নামা নাঈম শেখকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জাতীয় দলের এই পেসার। ১৮ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে জিসান আলমকে নিয়ে ইনিংস বড় করার চেষ্টা চালান ওপেনার সাদমান ইসলাম। কিন্তু দলীয় ৭৫ রানে তৃতীয় উইকেট হারায় মধ্যাঞ্চল। ৮০ বলে ১৪ রান করা জিসানকে ফিরিয়ে পূর্বাঞ্চলকে ব্রেক থ্রু এনে দেন পেসার তোফায়েল আহমেদ।
এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারায় মধ্যাঞ্চল। অধিনায়ক মার্শাল আইয়ুব (৬), সাদমান ইসলাম (৫৬), মোসাদ্দেক হোসেন সৈকত (৯) ফিরে গেলে বিপদে পড়ে দলটি। সেই বিপদ থেকে মধ্যাঞ্চলকে রক্ষা করেন শিবলী ও রনি। ৭ চারে ৬৩ রানে অপরাজিত শিবলী। আর ৮ চার ও ২ ছক্কায় ৭২ রানে অপরাজিত রনি। পূর্বাঞ্চলের হয়ে দু’টি করে উইকেট নেন ইবাদত হোসেন ও তোফায়েল আহমেদ। একটি করে উইকেট পেয়েছেন দুই স্পিনার নাঈম হাসান ও হাসান মুরাদ।
৩১৪ রানে থামলো দক্ষিণাঞ্চল
সিলেট একাডেমি গ্রাউন্ডে বিসিএলের আরেক ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ৩১৪ রানে গুটিয়ে গেছে দক্ষিণাঞ্চল। টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন উত্তরাঞ্চলের অধিনায়ক আকবর আলী। দুই ওপেনার এনামুল হক বিজয় ও ইফতেখার হোসেন ইফতি দক্ষিণাঞ্চলকে ভালো শুরু এনে দেন। ১৬ ওভারে দু’জনে মিলে স্কোরবোর্ডে অর্ধশত রান জমা করেন। ১৮তম ওভারে বিজয়কে ব্যক্তিগত ৩১ রানে কট অ্যান্ড বোল্ড করেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দলীয় ৫৮ রানে প্রথম উইকেট হারালেও তিনে নামা ফজলে মাহমুদ রাব্বিকে নিয়ে রানের চাকা সচল রাখেন ইফতি। তবে দলীয় ১১৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় দক্ষিণাঞ্চল। রাব্বিকে ব্যক্তিগত ৩৪ রানে ফেরান আবদুল্লাহ আল মামুন।
৩২তম ওভারে ৪৯ রান করা ইফতিও সাজঘরে ফিরে যান। চারে নামা কালাম সিদ্দিকীর ব্যাট থেকে আসে ১ রান। পঞ্চম উইকেটে ১০৬ রানের রিজানকে নিয়ে ১০৬ রানের জুটি গড়েন অধিনায়ক মিঠুন। রিজান ৪৭ ও মিঠুন ৫৩ রানে ফিরে যান। এরপর কোনো ব্যাটারই ইনিংস বড় করতে পারেননি। শেষতক ৩১৪ রানে অলআউট হয় দক্ষিণাঞ্চল। উত্তরাঞ্চলের পক্ষে তিনটি করে উইকেট নেন আবদুল্লাহ আল মামুন ও তাইজুল ইসলাম। জবাবে প্রথম দিন শেষে বিকালে ৪ ওভার ব্যাটিং করে বিনা উইকেটে ১৬ রান তুলে মাঠ ছাড়ে দলটি। ২৯৮ রানে পিছিয়ে থেকে আজ ব্যাট করতে নামবে উত্তরাঞ্চল। দলটির হাতে রয়েছে সবক’টি উইকেট।
