নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে নেই অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। ওয়ার্কলোড ম্যানেজম্যান্টের কথা বিবেচনা করে এই দুই পেসারকে বিশ্রাম দিয়েছে বোর্ড। ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন।
টানা খেলার ধকল সামলাতে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পাশাপাশি বিশ্রাম দেয়া হয়েছে তরুণ পেসার নাহিদ রানাকে। পেস আক্রমণে অভিজ্ঞদের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন রিপন মণ্ডল। ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার ২০২৩ সালের এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে ৩টি ম্যাচ খেললেও জাতীয় দলের অভিষেক হয়নি তার। ডেথ ওভারে তার বোলিং নজর কেড়েছে নির্বাচকদের। আর ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পেলেন আব্দুল গাফফার সাকলাইন। কেবল বোলিংই নয়, লোয়ার অর্ডারে বড় শট খেলার সামর্থ্যের জন্যও বেশ পরিচিত তিনি। রিপন জাতীয় দলে এর আগে ডাক পেলেও সাকলাইন প্রথমবারের মতো নির্বাচকদের নজরে এসেছেন। এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। তার ডেপুটি বা সহ-অধিনায়ক হিসেবে থাকছেন সাইফ হাসান। দলে আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। স্পিন আক্রমণে শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের ওপরই আস্থা রেখেছে বোর্ড।
আগামী ২৭ই এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। ২৯শে এপ্রিল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচটি। এরপর ২রা মে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম দুই টি-টোয়েন্টির বাংলাদেশ স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।
