২০২৬ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে দেখা গেল টেনিসের জয়জয়কার। ‘খেলাধুলার অস্কার’খ্যাত এই বর্ষসেরা পুরস্কারের শীর্ষ দু’টিই জিতলেন দুই টেনিস তারকা। বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার পেলেন প্যারিস অলিম্পিকের রুপা জয়ী কার্লোস আলকারাজ। এবং বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার উঠলো আরিনা সাবালেঙ্কার হাতে।
মাদ্রিদের ঐতিহাসিক সিবেলেস প্রাসাদে বসে বিশ্বের ক্রীড়া নক্ষত্রদের মিলনমেলা। এবারের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ এবং অলিম্পিক চ্যাম্পিয়ন আইলিন গু। ২০২৫ ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জয়ী স্প্যানিশ তারকা আলকারাজ ক্যারিয়ারে প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এই সম্মাননা জিতলেন। পুরস্কার গ্রহণের পর তিনি বলেন, ‘যারা গভীরভাবে খেলাধুলা বোঝেন, তাদের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়াটা পরম ভাগ্যের। অন্যদিকে, ইউএস ওপেন বিজয়ী টেনিসের শীর্ষ বাছাই সাবালেঙ্কা কিংবদন্তিদের পাশে নিজের নাম লেখাতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘আমি এখন কাঁপছি! যাদের দেখে বড় হয়েছি, যাদের অনুসরণ করেছি, আমার নামটা সেসব কিংবদন্তি খেলোয়াড়দের পাশে লেখা হবে। বিষয়টি ভাবতেই কিছুটা অবিশ্বাস্য লাগছে।’
১৮ বছর বয়সী বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল নির্বাচিত হন বর্ষসেরা উদীয়মান বা তরুণ ক্রীড়াবিদ। স্প্যানিশ তারকা বলেন, ‘আমি এই পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। এটি আমার জন্য বড় সম্মানের।’ দলগত বিভাগে বাজিমাত ফরাসি জায়ান্ট ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি)। ২০২৪-২৫ মৌসুমে ক্লাবটির ইতিহাসে প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয়ের স্বীকৃতিস্বরূপ তারা নির্বাচিত হয় ‘টিম অব দ্য ইয়ার’। ফরমুলা ওয়ানের বিশ্ব চ্যাম্পিয়ন ল্যান্ডো নরিস জেতেন ‘ব্রেকথ্রু অব দ্য ইয়ার’। দীর্ঘ প্রতীক্ষার পর মাস্টার্স জয়ী ররি ম্যাকিলরয় জেতেন ‘কামব্যাক অব দ্য ইয়ার’। প্যারিস প্যারালিম্পিকের তিনবারের স্বর্ণজয়ী সাঁতারু গ্যাব্রিয়েল আরাউহো প্রতিবন্ধী বিভাগে সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন।
অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল জিমন্যাস্টিকস কিংবদন্তি নাদিয়া কোমানেচির ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার গ্রহণ। মন্ট্রিল ১৯৭৬ অলিম্পিকে স্রেফ ১৪ বছর বয়সে ফুটবলের ইতিহাসে প্রথম ‘পারফেক্ট ১০’ নম্বর পাওয়া এই মহাতারকাকে সম্মাননা প্রদান করেন সিমোন বাইলস। নাদিয়া বলেন, ‘সেই ১৭ সেকেন্ডের পরিশ্রম আমার জীবনকে চিরতরে বদলে দিয়েছিল।’ এছাড়া স্পোর্টিং ইন্সপিরেশন অ্যাওয়ার্ড পান সাবেক রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুস।
