টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর দীর্ঘ নীরবতা ভেঙে প্রথমবার মুখ খুললেন সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র। ২৯ মার্চ তালসারির সমুদ্রে শুটিং চলাকালীন ঘটে যাওয়া দুর্ঘটনার পর থেকে তিনি ছিলেন আড়ালে। এমনকি রাহুলের শেষকৃত্যেও দেখা যায়নি তাঁকে। ঘটনার পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে হাসপাতালের বাইরে স্তম্ভিত অবস্থায় বসে থাকতে দেখা যায় শ্বেতাকে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, রাহুলদা ঠিক আছে তো? আমরা তো আধ ঘণ্টা আগেও শুটিং করছিলাম। আমিও জলে পড়েছিলাম, আমি তো ঠিক আছি রাহুলদা ঠিক আছে তো?
এরপর অভিনেত্রীর বোন সালনি মিশ্র সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার না করার অনুরোধ জানান এবং শ্বেতাকে প্রয়োজনীয় ব্যক্তিগত সময় ও সম্মান দেওয়ার আহ্বান করেন। সম্প্রতি একটি ভুয়া প্রোফাইল থেকে শ্বেতার নামে কিছু ছবি পোস্ট হওয়ায় ফের আলোচনায় উঠে আসে তাঁর নাম। এ বিষয়ে শ্বেতা বলেন, আমি কোথাও কিছু পোস্ট করিনি। সামাজিক মাধ্যম ব্যবহার করা তো দূরের কথা। ইনস্টাগ্রাম ছাড়া অন্য কোনও প্ল্যাটফর্মে আমার কোনও প্রোফাইল নেই। যদি কোথাও কিছু পোস্ট হয়ে থাকে, সেটা হয়তো ফ্যান পেজ থেকে তার দায় কি আমার? এক নিঃশ্বাসে কথাগুলো বলার পর কিছুটা থেমে তিনি বলেন, ঘটনার পর থেকে আমাকে কেউ স্বাভাবিকভাবে থাকতে দিচ্ছে না।
এমনকি বাড়ি থেকেও বের হতে পারছি না। সবাই দোষারোপ করছে। কিন্তু এই দুর্ঘটনায় আমার অপরাধটা কোথায়? আমি তো ক্রিমিনাল নই। তবে কে বা কারা তাঁকে এভাবে বাধা দিচ্ছে, সে বিষয়ে কিছু বলতে চাননি তিনি। রাহুলের মৃত্যুর ঘটনায় ইতোমধ্যেই টলিউডে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট ধারাবাহিকের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে নিরাপত্তা গাফিলতির অভিযোগ উঠেছে। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার-এর দায়ের করা এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় ইন্ডাস্ট্রিতে একাধিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
