জীবনের ৬০ বছর অতিক্রম করলেন গুণী অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। রোববার রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়ে জীবনের ছয় দশক পেরিয়ে এসে নতুন এক জীবনদর্শন তুলে ধরলেন তৌকীর আহমেদ। তিনি বলেন, মানুষ নানা উপায়ে সময় কাটায়, কিন্তু সৃষ্টিশীলতার সঙ্গে যুক্ত হলে সেই সময়ই হয়ে ওঠে সবচেয়ে অর্থবহ। সৃজনশীল চর্চা মানুষকে অসম্ভবকে সম্ভব করার শক্তি দেয় এবং এনে দেয় বিশেষ মর্যাদা। বর্তমান সমাজের অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, মানুষের ভালোবাসা পাওয়া যেমন সৌভাগ্যের, তেমনি একে-অপরকে সম্মান করার সংস্কৃতিও জরুরি। আমরা ক্রমেই ‘টক্সিক’ হয়ে উঠছি। এই জায়গা থেকে শিল্পীদেরই প্রতিবাদ জানানো উচিত। একইসঙ্গে মানসিক সুস্থতার জন্য শিল্প-সংস্কৃতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি সবাইকে কোনো না কোনো সৃজনশীল চর্চার সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান। সেমিনারে উপস্থিত ছিলেনÑ দেশবরেণ্য শিল্পী মামুনুর রশীদ, আবুল হায়াত, মাহফুজ আহমেদ, আফজাল হোসেন, ওয়াহিদা মল্লিক জলি, গাজী রাকায়েত, আজিজুল হাকিম, কচি খন্দকার, মাসুম রেজা, আজাদ আবুল কালাম, অমিতাভ রেজা চৌধুরীসহ অনেকে। সেমিনার শেষে বিকালে জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হয় তৌকীর আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। শেষ পর্বে মঞ্চস্থ হয় তৌকীরের নির্দেশনা ও অভিনয়ে নাটক ‘তীর্থযাত্রী’। সবমিলিয়ে ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ’ আয়োজনটি হয়ে ওঠে সৃষ্টিশীলতা, সময় ও সমাজ নিয়ে গভীর ভাবনার এক অনন্য মঞ্চ।
আমরা ক্রমেই ‘টক্সিক’ হয়ে উঠছি
স্টাফ রিপোর্টার
২১ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
