রশিদ খানের দেশপ্রেমের উদাহরণ আগেও অনেকভাবে দেখা গিয়েছে। আফগানিস্তান ক্রিকেটের পোস্টারবয় আবারও প্রমাণ করলেন যে দেশের প্রতি তার আনুগত্য প্রশ্নাতীত। সম্প্রতি প্রকাশিত তার আত্মজীবনী ‘রশিদ খান: ফ্রম স্ট্রিটস টু স্টারডম’-এ এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন তিনি। ভারত ও অস্ট্রেলিয়ার মতো দেশ থেকে নাগরিকত্বের প্রস্তাব পেলেও তা সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন এ তারকা অলরাউন্ডার।
রশিদ তার বইয়ে ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) মৌসুমের একটি ঘটনার স্মৃতিচারণ করেন। সেখানে ভারতীয় ক্রিকেটের একজন প্রভাবশালী ব্যক্তি তাকে বলেছিলেন, ‘বর্তমানে আফগানিস্তানের পরিস্থিতি খুব খারাপ। তুমি বরং ভারতে চলে এসো। আমরা তোমাকে ভারতীয় নথিপত্র (পাসপোর্ট) দেব। এখানেই থাকো এবং ক্রিকেট খেলো।’ সেই প্রস্তাব শুনে রশিদ মুচকি হেসে উত্তর দিয়েছিলেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ। তবে আমি আমার দেশ আফগানিস্তানের হয়েই খেলতে চাই।’
শুধু ভারতই নয়, রশিদ একই ধরনের প্রস্তাব পেয়েছিলেন অস্ট্রেলিয়া থেকেও। সেখানেও তার অবস্থান ছিল অনড়। রশিদ বইয়ে লিখেছেন, ‘আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, যদি আমি নিজের দেশের হয়ে খেলতে না পারি, তবে অন্য কোনো দেশের হয়েও খেলব না।’
উল্লেখ্য, ২০১৮তে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নাগরিকত্ব দেয়ার জোরালো দাবি জানায় ভারতীয়রা। বেশ কিছু পোস্টে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে ট্যাগ করা হলে তিনি জানান, নাগরিকত্ব বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখভাল করে। ওই ক্যাম্পেইন আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গণির দৃষ্টি আকর্ষণ করে। তখন তিনি সাফ জানিয়ে দেন, দেশটি তাদের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্রকে হাতছাড়া করবে না।
