বাংলাদেশের প্রখ্যাত নাট্যজন মামুনুর রশীদ বলেছেন, ভিউ বাণিজ্য এসে আমাদের সর্বনাশ করেছে। সেই সর্বনাশের ফাঁদেই আমরা বসে আছি। একদিকে আমাদের শিল্পের সংকট, অন্যদিকে রাজনৈতিক সংকটও চলছে। আমরা ভালো কিছু নির্মাণ করতেই পারছি না। প্রেরণাহীন একটা সময় আমরা কাটাচ্ছি। সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক তৌকির আহমেদের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে অনুষ্ঠিত ‘আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সেমিনারে মামুনুর রশীদ আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা এবং অসংকোচে নিজেকে প্রকাশ করার সৌভাগ্য বাংলাদেশের শিল্পীদের হয়নি। একটা দেশে গণতান্ত্রিক বিকাশ হয়ে যাওয়ার পর, আমাদের পাশের দেশ ভারত বা উন্নত দেশের কথা যদি ভাবি, সেখানে শিল্পীরা নিজেদের অসংকোচে প্রকাশ করে। কিন্তু সেই অসংকোচটা আমাদের জীবনে আসেনি। এর মধ্য দিয়েই তৌকিরের বেড়ে ওঠা, অসংখ্য শিল্পীর বেড়ে ওঠা। শুধু তৌকির নয়, তার সমসাময়িক শিল্পীরাও অনেক কষ্ট করে বেড়ে উঠেছেন।
তিনি বলেন, অনেকে মনে করেন শিল্পীরা অনেক বোহেমিয়ান, অনেক খেলো। অনেক শিল্পী আছেন যারা মেধাবী নন। কিন্তু তৌকির ভাইয়ের মতো মানুষ যত বেশি থাকবেন, তত আমাদের এই সেক্টরের সবার সম্মান আরও বাড়বে।
