দুই বাংলার দাপুটে অভিনেতা চঞ্চল চৌধুরী সম্প্রতি কলকাতার সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে আয়োজিত ‘বৈঠকখানা’ অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের কাজ, সিনেমা ও বর্তমান সময়ের দর্শক-মানসিকতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। ‘সীমানা’ বিষয়ক এই আয়োজনে তিনি বলেন, ভালো ও মন্দ সিনেমার মধ্যে পার্থক্য তিনি স্পষ্টভাবে বুঝতে পারেন। তার মতে, আর্ট ফিল্ম ও কমার্শিয়াল ফিল্মের মধ্যে একটি স্বাভাবিক বিভাজন রয়েছে, তবে সেটি সম্পূর্ণভাবে দর্শকের রুচি ও দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল। তিনি বলেন, কমার্শিয়াল সিনেমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আবার আর্ট ফিল্মের প্রতিও আলাদা কোনো পক্ষপাত নেই। আমি দর্শকদের জন্য কাজ করি। চঞ্চল চৌধুরী জানান, কাজ বেছে নেয়ার ক্ষেত্রে তিনি পরিচালকের সঙ্গে বোঝাপড়া, সহশিল্পী ও টেকনিশিয়ানদের বিষয়গুলো গুরুত্ব দেন। একটি সিনেমার জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে একটি চলচ্চিত্র নির্মাণে এক থেকে দুই বছর পর্যন্ত সময় ব্যয় করা হয় এবং এই সময়ে বহুবার আলোচনা ও প্রস্তুতি চলে। অভিনয়ের ক্ষেত্রে মতভেদ কোনো আলাদা ভাবনা রাখেন না বলেও জানান এই অভিনেতা। তার ভাষায়, প্ল্যাটফরম নয়, কাজের মানটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। থিয়েটার, ওটিটি বা চলচ্চিত্র- সব জায়গাতেই ভালো কাজ করতে চাই। ক্রস-বর্ডার কাজ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন দেশের নির্মাতাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার অভিনয়কে সমৃদ্ধ করেছে। নতুন পরিচালকদের সঙ্গে কাজ করেও তিনি প্রতিনিয়ত নতুন কিছু শিখেন বলে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম নিয়েও কথা বলেন তিনি। তার মতে, সামাজিক মাধ্যম এখন বাস্তবতার অংশ হয়ে গেছে এবং অনেকটা নেশার মতো কাজ করছে। এর ফলে মানুষের মনোযোগের সময় কমে যাচ্ছে, যা ভালো সিনেমা বা নাটক দেখার ক্ষেত্রে প্রভাব ফেলছে। তবে এটিকে পুরোপুরি এড়িয়ে যাওয়া সম্ভব নয়।
‘কাজের মানটাই আমার কাছে গুরুত্বপূর্ণ’
স্টাফ রিপোর্টার
২০ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
