সেভিয়ার লা কার্তুজায় ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলো। ১৯৮৭ সালের মতো এবারও অ্যাটলেটিকো মাদ্রিদকে টাইব্রেকারে হারিয়ে কোপা দেল রে শিরোপা জিতলো রিয়াল সোসিয়েদাদ। শনিবার স্পেনের সবচেয়ে পুরোনো ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি অ্যাটলেটিকো ও সোসিয়েদাদ। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের খেলাও শেষ হয় ২-২ সমতায়। টাইব্রেকারে ৪-৩ গোলের জয়ে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তোলে সোসিয়েদাদ। ২০১৯-২০ মৌসুমের পর প্রথমবার ঘরোয়া ফুটবলের এই শ্রেষ্ঠত্বের মুকুট পড়লো তারা।
ম্যাচটি শুরুই হয় এক অনন্য রেকর্ড দিয়ে। খেলা শুরুর স্রেফ ১৪ সেকেন্ডে গনসালো গেদেসের ক্রস থেকে হেডে সোসিয়েদাদকে এগিয়ে দেন আন্দের ব্যারেনেশিয়া। এটি কোপা দেল রে ফাইনাল ইতিহাসের দ্রুততম গোল, যা ভেঙে দেয় ৭৪ বছরের পুরোনো রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ১৯৫২ সালে করা ভ্যালেন্সিয়ার ম্যানুয়েল বাদেনেসের ১৭ সেকেন্ডের গোল। তবে সমতায় ফিরতে সময় নেয়নি অ্যাটলেটিকো। অষ্টাদশ মিনিটে আতোয়ান গ্রিজমানের পাস থেকে নিচু শটে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড আদেমোলা লুকমান। প্রথমার্ধের যোগ করা সময়ে গোলকিপার হুয়ান মুসো ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পায় সোসিয়েদাদ। সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন অধিনায়ক মিকেল ওইয়ারসাবাল।
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠা অ্যাটলেটিকো একের পর এক আক্রমণ চালায়। অবশেষে ৮৩তম মিনিটে থিয়াগো আলমাদার পাস থেকে বাঁ পায়ের দারুণ শটে সমতা ফেরান আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। অতিরিক্ত সময়ে বেশ কিছু সুযোগ পেলেও গোলবঞ্চিত থাকে দু’দলই। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে অতিমানবীয় নৈপুণ্য দেখান সোসিয়েদাদ গোলকিপার উনাই মারিনো। আলেকসান্দার সরলথ ও হুলিয়ান আলভারেজের নেয়া প্রথম দু’টি শটই রুখে দেন তিনি। সোসিয়েদাদের অস্কারসন একটি সুযোগ মিস করলেও লক্ষ্যভেদ করেন বাকি চার জন। তাতেই নিশ্চিত হয় শিরোপা।
সোসিয়েদাদের এই জয়ে বিশেষ এক কীর্তি গড়লেন তাদের কোচ পেল্লেগ্রিনি মাতারাজ্জো। ইউরোপের শীর্ষ পাঁচ লীগের কোনো কাপ ফাইনালে শিরোপা জেতা প্রথম আমেরিকান কোচ এখন তিনি। অন্যদিকে, ২০১২-১৩ মৌসুমের পর প্রথম কোপা দেল রে শিরোপার খোঁজে থাকা অ্যাটলেটিকোর অপেক্ষা আরও বাড়লো। টাইব্রেকারে হারের পর দলটির কোচ দিয়েগো সিমিওনে আক্ষেপ নিয়ে বলেন, ‘সমর্থকেরা তো বার্তা চায় না, চায় ট্রফি।’
