যুদ্ধবিরতির মেয়াদ শেষের পথে, শান্তি আলোচনা গুরুত্বপূর্ণ পর্যায়ে

যুদ্ধবিরতির মেয়াদ শেষের পথে, শান্তি আলোচনা গুরুত্বপূর্ণ পর্যায়ে

ফন্ট সাইজ:

ইরানের সঙ্গে আলোচনা একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। শনিবার দিনের শেষের দিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের হোয়াইট হাউসে প্রবেশ করতে দেখা গেছে। রোববার সহ তিন দিনের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, তার প্রেক্ষিতে নতুন কোনো পরিকল্পনা নিয়ে এই প্রশাসনিক কর্মকর্তারা হোয়াইট হাউসে মিটিং করেছেন। তাদের মধ্যে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সিআইএ পরিচালক এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান। তারা আনুষ্ঠানিক বৈঠকে অংশ নিচ্ছিলেন কি না- এ বিষয়ে সিএনএন হোয়াইট হাউসের কাছে জানতে চেয়েছে। তবে কোনো জবাব পাওয়া যায়নি। এদিকে ইরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবগুলো পর্যালোচনা করছে। পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনিরের সঙ্গে আলোচনার পর এই প্রক্রিয়া চলছে। অসিম মুনির দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা এখনো এগোচ্ছে। তবে তেহরানের কৌশল নিয়ে তার হতাশার ইঙ্গিতও পাওয়া গেছে। তিনি বলেন, ওরা একটু চালাকি করেছে। এ সপ্তাহে একাধিকবার ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে চুক্তি খুব কাছাকাছি। কিন্তু বিভিন্ন ইঙ্গিত বলছে এখনো বেশ কিছু জটিল বাধা রয়েছে।

ইরান শনিবার জানায়, এদিন সন্ধ্যা থেকে তারা হরমুজ প্রণালি অবরোধ করেছে। এর আগে গুরুত্বপূর্ণ এই জলপথটি খুলে দেওয়ার পরিকল্পনা থেকে সরে আসে তারা। এ জন্য যুক্তরাষ্ট্রের আস্থাভঙ্গ কে দায়ী করে। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, পারস্য উপসাগরে ট্যাংকারগুলো ঘুরে দাঁড়াতে দেখা গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোর ওপর নিজস্ব অবরোধ বজায় রেখেছে। ইরানের ঘোষণার পর আইআরজিসি বাহিনী হরমুজ প্রণালির কাছে একটি ট্যাংকারে গুলি চালায়। পাশাপাশি ওই অঞ্চলে আরেকটি জাহাজ প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন