গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। সারা দেশে নতুন করে ৯৪২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে ৮৬ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ই মার্চ থেকে ১৮ই এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ৩ হাজার ২৭৮ জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৪০৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিয়েছে ১১ হাজার ৭৫১ জন। গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি হামে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৭৮০ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৬ জন।
