ক্যাপ্টেনস কার্ড নিয়ে ক্ষোভ তাপস বৈশ্যের

‘অধিনায়করা রাজা আর অন্যরা প্রজা!’

ফন্ট সাইজ:

সাবেক অধিনায়কদের সম্মানে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু করেছে। এর আওতায় সাবেক অধিনায়করা নানা সুবিধা পাবেন। শুধু অধিনায়কদের এমন সুবিধা দেয়ায় এর সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক পেসার তাপস বৈশ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। বিসিবি’র এই পদক্ষেপকে সাধারণ ক্রিকেটারদের প্রতি চরম বৈষম্যমূলক ও অপমানজনক হিসেবে অভিহিত করেছেন তাপস। তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সমালোচনায় শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে তাপস লিখেছেন, ‘এই যুগের বৈষম্য! আগে থেকেই খেলা দেখতে অধিনায়কদের জন্য এসি বক্স আর অন্য জাতীয় দলের সতীর্থদের জন্য সাধারণ গ্যালারি! আর এখন তো কার্ড! একদিন ভিডিও করে সবাইকে বলবো, এই যুগেও কেমন বৈষম্য হয়! অধিনায়করা রাজা আর অন?্যরা প্রজা! অধিনায়ক হলেই তুমি চৌধুরী আর অন্য সতীর্থরা? খেলে তো সবাই মিলে ১১ বা ১৪ জন। খেলা ছেড়ে দেয়ার পর সবাই জাতীয় খেলোয়ার!’ সাবেক স্পিনার রফিকের উদাহরণ টেনে তাপস লেখেন, ‘রফিক ভাইয়ের মতো জনপ্রিয় খেলোয়াড় কয়জন অধিনায়ক আছেন। রফিক ভাই বসবেন সাধারণ গ্যালারিতে আর আনখোরা অধিনায়ক এসি বক্সে।’ এমন বৈষম্যের প্রতিবাদ করার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘কারো যদি আত্মসম্মান থাকে, তাহলে এই বৈষম্যের প্রতিবাদ করবে। যারা কার্ড পেয়েছে, তারা করবে না, কারণ তারা এখন বাংলা সিনেমার চৌধুরী হয়েছে। অধিনায়কদের হেলথ ইনসুরেন্স দরকার আর অন্য সতীর্থদের! এই বৈষম্যের কারণে আমি আমার নিজেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় হিসেবে পরিচয় দিতেই লজ্জা বোধ করছি। এই যুগে এটা চরম বৈষম্য। আমি চাই, আর যেন কখনোই কোনও সাবেক খেলোয়াড় বোর্ড সভাপতি না হয় সব দেখা হয়ে গেছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন