ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা যাচ্ছে কার ঘরে? লন্ডন নাকি ম্যানচেস্টার-এই উত্তরের কিছুটা আভাস মিলতে পারে আজ। ইতিহাদ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মুখোমুখি হচ্ছে টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল। দু’দলের ম্যাচ শুরু রাত সাড়ে ৯টায়। বর্তমানে সিটি ৩১ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে। আর ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। আজ সিটি জিতলে আর্সেনালের সঙ্গে ক্লাবটির পয়েন্ট ব্যবধান তিনে নেমে আসবে। তিন দিন পর রেলিগেশনের শঙ্কায় থাকা বার্নলির বিপক্ষে জিতলে ৫ ম্যাচ রেখে টেবিলের শীর্ষে উঠে যাবে গার্দিওলার দল। এরপর বাকি ৫ ম্যাচে সবগুলোতে জিতলে চ্যাম্পিয়ন হবে সিটিজেনরা। যদি ম্যাচটি ড্র হয় তবে আর্সেনালের পয়েন্ট হবে ৩৩ ম্যাচে ৭১। সিটির সাথে ব্যবধান ৬ পয়েন্টই থাকবে। সিটিকে শিরোপা জিততে হলে নিজেদের সব ম্যাচ জেতার পাশাপাশি আশা করতে হবে যেন আর্সেনাল অন্তত একটি ম্যাচ হারে এবং একটি ড্র করে। আর সিটি হেরে গেলে ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবে আর্সেনাল। সেক্ষেত্রে বাকি ৫ ম্যাচের সবগুলোতে জিতলে অন্য কোনো হিসাব ছাড়াই ২২ বছর পর শিরোপা ঘরে তুলবে গানার্সরা।
ঘরের মাঠে ম্যানচেস্টার সিটি এখন এক অপরাজেয় শক্তির নাম। গত আগস্টের পর ইতিহাদে তারা কোনো লীগ ম্যাচ হারেনি। শেষ ম্যাচে চেলসিকে ৩-০ গোলে হারিয়ে পেপ গার্দিওলার শিষ্যরা এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। গত মাসে আর্সেনালকে হারিয়েই দলটি কারাবাও কাপের শিরোপা জিতেছে। অন্যদিকে, গানার্সরা সেপ্টেম্বর থেকে টেবিলের শীর্ষে থাকলেও সামপ্রতিক সময়ে কিছুটা হোঁচট খেয়েছে। বোর্নমাউথের কাছে হার সিটির সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে গেছে। ম্যাচের আগে সিটি কোচ পেপ গার্দিওরা বলেন, ‘যদি আমরা হারি, তবে সব শেষ। আর্সেনাল সব বিভাগেই শক্তিশালী। তারা যোগ্য দল হিসেবেই শীর্ষে আছে এবং আমরা তাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।’ আর্সেনাল কোচ মিকেল আতের্তা বলেন, ‘আমি ড্র করার কথা এক সেকেন্ডের জন্যও ভাবছি না।
আমরা সম্ভবত ইতিহাসের সেরা দল ও ম্যানেজারের বিপক্ষে খেলতে যাচ্ছি। এটি আমাদের জন্য বড় সুযোগ এবং আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’
মাঝমাঠে রদ্রি বনাম ডেক্লান রাইসের লড়াইয়ে নির্ধারিত হতে পারে ম্যাচের নিয়ন্ত্রণ। অন্যদিকে, সিটির গোলমেশিন আর্লিং হালান্ডকে রুখতে উইলিয়াম সালিবা ও গ্যাব্রিয়েল মাঘালহায়েস জুটিকে দিতে হবে কঠিন পরীক্ষা। সিটির গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুমার জন্য বড় চ্যালেঞ্জ হবে সেট-পিসে আর্সেনালের গ্যাব্রিয়েলকে আটকে রাখা। আর্সেনালের জন্য বড় দুঃসংবাদ হলো বুকায়ো সাকার অনুপস্থিতি। এছাড়া ওডেগার্ড ও টিম্বারকে নিয়েও রয়েছে সংশয়। সিটির ডেরায় রুবেন দিয়াজ না থাকলেও তরুণ নিকো ও’রিলির ফেরা দলটিকে চনমনে রাখছে। দুই দলের ২১৪ বারের লড়াইয়ে ১০১ জয় নিয়ে এগিয়ে আছে আর্সেনাল (সিটির জয় ৬৬)। এপ্রিল মাসে সিটির রেকর্ড অবিশ্বাস্য। ২০২১ সাল থেকে এপ্রিল মাসে খেলা ২২ লীগ ম্যাচের মধ্যে ২০টিতেই জিতেছে গার্দিওলার দল।
