দীর্ঘ ২৫ বছরের নির্বাসন আর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইংলিশ ফুটবলের সর্বোচ্চ আসর প্রিমিয়ার লীগে ফিরলো কভেন্ট্রি সিটি। শনিবার রাতে ব্ল্যাকবার্ন রোভার্সের মাঠে ১-১ গোলের ড্র’য়ে সরাসরি প্রমোশন নিশ্চিত করে দলটি। চ্যাম্পিয়নশিপে টানা ছয় বছর লড়াই করার পর ৪৩ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্রিমিয়ার লীগ হয় কভেন্ট্রির। তৃতীয় স্থানে থাকা মিলওয়ালের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে থাকায় তিন ম্যাচ আগেই প্রমোশন নিশ্চিত হয় দলটির। ১৯৬৭ সালে প্রমোশন পাওয়ার পর টানা ৩৪ মৌসুম ইংল্যান্ডের শীর্ষ লীগে খেলে কভেন্ট্রি। এরপর ২০০১ সালে ১৯তম হয়ে অবনমিত হওয়ার পর লম্বা সময় অপেক্ষায় কেটেছে। কভেন্ট্রির প্রিমিয়ার লীগে ফেরার পথটা সহজ ছিল না। ইংলিশ চ্যাম্পিয়নশিপে ১১ বছর খেলার পর অবনমন ঘটে দলটির। নেমে যায় তৃতীয় বিভাগে। তীব্র আর্থিক সংকটে পড়ে ২০১৩ সালে দেউলিয়া হওয়ার শঙ্কায় পড়ে যায় কভেন্ট্রি।
এ কঠিন সময়ে নর্থহ্যাম্পটন ও বার্মিংহামের সঙ্গে মাঠ ভাগাভাগি করে খেলা, মালিকপক্ষ সিসুর বিরুদ্ধে সমর্থকদের ঘৃণা, দফায় দফায় প্রতিবাদ, এমনকি পার্লামেন্টে আলোচনার মতো নাটকীয় সব ঘটনার মধ্য দিয়ে গেছে ক্লাবটি। এত নেতিবাচক ঘটনার মাঝে শীর্ষ লিগে ফেরার আশা সেই সময় কভেন্ট্রির জন্য দুঃস্বপ্নের মতো ছিল। দীর্ঘ ১৩ বছর ক্লাবের মালিকানায় থাকা সিসু শেষ পর্যন্ত ২০২৩ সালে ডগ কিংয়ের কাছে মালিকানা বিক্রি করতে বাধ্য হন। এর মাঝে ২০১৭ সালে কভেন্ট্রি ৫৯ বছরের মধ্যে প্রথমবারের মতো চতুর্থ স্তরের লীগে নেমে যায়। মালিকপক্ষের বিরুদ্ধাচরণ করতে গিয়ে সমর্থকেরা কখনো লংমার্চ করেছেন আবার কখনো প্রতিবাদ জানাতে ঢুকে পড়েছেন খেলার মাঠেও। শেষ পর্যন্ত কভেন্ট্রি শীর্ষ পর্যায়ের লীগে ফিররো চেলসি কিংবদন্তি ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের হাত ধরে। ২০২৪ সালের নভেম্বরে যখন তিনি ধুঁকতে থাকা কভেন্ট্রির হাল ধরেন। তখন অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। কিন্তু ল্যাম্পার্ডের জাদুর ছোঁয়ায় চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরম্যান্স করে কভেন্ট্রি। দলের এমন সাফল্যের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ল্যাম্পার্ড বলেন, ‘২৫ বছর পর এমন কিছু করা সত্যিই দারুণ।
গত মৌসুমে প্লে-অফে সান্ডারল্যান্ডের কাছে হারের পর ফিরে আসার এই মানসিকতা প্রশংসনীয়। আমরা গত গ্রীষ্মে আলোচনা করেছিলাম কীভাবে গতবারের চেয়ে ভালো করা যায়। ছেলেরা কাজটা শেষ করতে পেরেছে। নিজের এবং স্টাফদের জন্য আমার গর্ব হচ্ছে। ১৫ মাস আগে যখন এসেছিলাম, অনেক কিছুই অজানা ছিল। আমরা এই ক্লাবের মায়ায় পড়ে গেছি। এটা আমার অন্যতম সেরা অর্জন। এই ক্লাবের ম্যানেজার হতে পেরে আমি গর্বিত।’ ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে ম্যাচে এদিন স্রেফ ড্র করলেই হতো কভেন্ট্রির। দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়ে হারের শঙ্কায় পড়ে যায় ল্যাম্পার্ডের শিষ্যরা। তবে ৮৪তম মিনিটে ববি থমাসের দুর্দান্ত গোল কভেন্ট্রিকে সমতায় ফেরান। বাকি সময়টা সতর্কতার সঙ্গে পার করে দিয়ে ৯১৩৩ দিন পর প্রিমিয়ার লীগে ফেরে ক্লাবটি। শীর্ষ লীগে ওঠায় কভেন্ট্রির ভাগ্য বদলে যাচ্ছে আর্থিকভাবেও। প্রমোশন পাওয়ার ফলে ক্লাবটি ব্রডকাস্ট রেভিনিউ বা সমপ্রচার স্বত্ব বাবদ পাবে প্রায় ১২০ মিলিয়ন পাউন্ড। এছাড়া লীগের চূড়ান্ত অবস্থান অনুযায়ী বাড়তি প্রাইজমানিও যোগ হবে। প্রিমিয়ার লীগে প্রতিটি ধাপ উপরে ওঠার জন্য সাধারণত ২.৫ থেকে ৩ মিলিয়ন পাউন্ড পর্যন্ত বাড়তি অর্থ পায় দলগুলো।
