রাশফোর্ডকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইউনাইটেড

ফন্ট সাইজ:

ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের ছেলে মার্কাস রাশফোর্ড কি আগামী মৌসুমে আবার ওল্ড ট্র্যাফোর্ডে ফিরছেন? ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে ফুটবল বিশ্বে চলা গুঞ্জনের মধ্যে মুখ খুলেছেন ইউনাইটেডের বর্তমান কোচ মাইকেল ক্যারিক। রাশফোর্ডের ফেরা নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইউনাইটেড ক্লাব কর্তৃপক্ষ। রাশফোর্ড প্রসঙ্গে ক্যারিক বলেন, ‘কিছু নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে এবং মার্কাস বর্তমানে তেমনই এক পরিস্থিতিতে আছে। কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি।

সময় হলে সব জানানো হবে। আসলে এই পর্যায়ে বলার মতো নতুন কিছু নেই।’ রাশফোর্ড বর্তমানে ধারে খেলছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়। চুক্তির শর্ত অনুযায়ী, আগামী ১৫ই জুনের মধ্যে ৩০ মিলিয়ন ইউরো (২৬.১ মিলিয়ন পাউন্ড) পরিশোধ করলে তাকে স্থায়ীভাবে কিনে নেয়ার সুযোগ পাবে কাতালানরা। তবে ইউনাইটেড কর্তৃপক্ষ এই চুক্তির কোনো শর্ত পরিবর্তন করতে রাজি নয়। ফলে বার্সা যদি নির্ধারিত অর্থে তাকে না কেনে, তবে রাশফোর্ডের গন্তব্য হবে ওল্ড ট্র্যাফোর্ড। ইউনাইটেড ক্লাবের অন্যতম মালিক স্যার জিম র‌্যাটক্লিফ খেলোয়াড়দের বেতন কমিয়ে আনার চেষ্টা করছেন। আগামী গ্রীষ্মে ক্যাসেমিরো ক্লাব ছাড়লে রাশফোর্ডই হতে পারেন ক্লাবটির সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়। এছাড়া ইউনাইটেড যদি চ্যাম্পিয়নস লীগে খেলার যোগ্যতা অর্জন করে, তবে রাশফোর্ডের পারিশ্রমিক আরও বৃদ্ধি পেতে পারে। থমাস টুখেলের অধীনে আসন্ন ২০২৬ বিশ্বকাপের ইংল্যান্ড স্কোয়াডেও তার থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন