শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রধান সড়কের বেহালদশা

শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রধান সড়কের বেহালদশা

ফন্ট সাইজ:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের দীর্ঘদিন ধরে বেহালদশা। স্থানীয় বাসিন্দাদের জন্য সামান্য বৃষ্টিতেই সড়ক জুড়ে হাঁটুসমান পানি জমে থাকায় জনজীবন প্রায় অচল হয়ে পড়ে। ড্রেনেজ ব্যবস্থার চরম অব্যবস্থাপনা ও ভেঙে পড়া নালা-নর্দমার কারণে পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা নেই, ফলে পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। সরজমিন ঘুরে দেখা গেছে, সড়কের বিভিন্নস্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে এসব গর্ত একেকটি ছোট পুকুরে পরিণত হয়। এতে পথচারীরা যেমন চরম দুর্ভোগে পড়ছেন, তেমনি যানবাহন চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটছে। মুক্তিযোদ্ধা হামিদুল হক চৌধুরী জানান- বছরের পর বছর ধরে এই সড়কটি অবহেলিত অবস্থায় পড়ে আছে। বারবার সংস্কারের আশ্বাস মিললেও বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এলাকাবাসীরা জানান, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। নালা-নর্দমাগুলো নিয়মিত পরিষ্কার না করায় পানি জমে থাকে এবং অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। অনেক জায়গায় ড্রেন ভেঙে পড়েছে বা মাটি দিয়ে ভরাট হয়ে গেছে। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত সড়ক সংস্কার এবং আধুনিক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তা না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. নাহিদ হোসেন বলেন- পৌরসভার বিভিন্নস্থানে উন্নয়ন কাজ চলমান রয়েছে। বরাদ্দক্রমে সড়ক ও ড্রেনের নির্মাণকাজ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন