ভারতে নরেন্দ্র মোদি সরকার লোকসভায় নারী আসন সংরক্ষণ বিল পাস করাতে ব্যর্থ হওয়ার পর সরকার পক্ষ বেশ বিপাকে পড়েছে। আর এরই প্রেক্ষিতে শনিবার সকালে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নারী সংরক্ষণ বিলকে সমর্থন না করার জন্য বিরোধী দলকে “দোষী” এবং নারীর বিরুদ্ধে ভয় কাজ করার দায়ে অভিযুক্ত করেছেন। তিনি বিরোধী দলের এই অবস্থানকে একটি ভুল বলে আখ্যা দিয়েছেন এবং সতর্ক করে দিয়েছেন যে, ভবিষ্যতে তাদের এর রাজনৈতিক মূল্য দিতে হবে।
এর পরেই জানা যায়, প্রধানমন্ত্রী শনিবার ভারতীয় সময় রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। কী বলতে পারেন তিনি, নতুন কোনও ঘোষণা করতে পারেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কী বিষয়ে মোদি জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন, তা নিয়ে প্রধানমন্ত্রীর দফতর থেকে কিছু জানানো হয়নি।
লোকসভায় নারী আসন সংরক্ষণ বিল পাস করতে ব্যর্থ হওয়ার একদিন পর শনিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এই ঘটনাকে “গণতন্ত্রের এক বিরাট বিজয়” বলে বর্ণনা করেছেন। তিনি জোর দিয়ে বলেন যে, এই ফলাফল বিরোধী ঐক্যের শক্তিকে প্রতিফলিত করেছে এবং ক্ষমতায় থাকার জন্য শাসক দলের তথাকথিত “ষড়যন্ত্রে” একটি বড় আঘাত হেনেছে।
নয়াদিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গতকাল(শুক্রবার ) যা ঘটেছে তা গণতন্ত্রের এক বিরাট বিজয়।” তিনি আরও যোগ করেন যে, এটি “যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করার প্রচেষ্টার বিরুদ্ধেও একটি বিজয়।”
