রাশফোর্ডের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন ইউনাইটেড বস ক্যারিক

রাশফোর্ডের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন ইউনাইটেড বস ক্যারিক

ফন্ট সাইজ:

বার্সেলোনায় ধারে খেলতে যাওয়া মার্কাস রাশফোর্ডের ভবিষ্যৎ নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে ফুটবল বিশ্বে। আগামী মৌসুমে এই ইংলিশ ফরোয়ার্ড ওল্ড ট্র্যাফোর্ডে ফিরবেন কি না, তা নিয়ে সরাসরি কোনো উত্তর না দিলেও সম্ভাবনার দুয়ার খোলা রেখেছেন ম্যানচেস্টার ইউনাইটেড হেড কোচ মাইকেল ক্যারিক। রাশফোর্ড প্রসঙ্গে ক্যারিক বলেন, ‘আমি মনে করি নির্দিষ্ট কিছু বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন এবং মার্কাস বর্তমানে সেই পরিস্থিতির মধ্যেই আছে। তবে এই মুহূর্তে কোনো কিছুই চূড়ান্ত হয়নি। একটি নির্দিষ্ট সময়ে আমাদের সিদ্ধান্ত নিতেই হবে, কিন্তু এই পর্যায়ে বলার মতো নতুন কিছু নেই।’

২৮ বছর বয়সী রাশফোর্ড বর্তমানে ধারে খেলছেন লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনায়। চুক্তির শর্ত অনুযায়ী ৩০ মিলিয়ন ইউরো (২৬.১ মিলিয়ন পাউন্ড) খরচ করলে তাকে স্থায়ীভাবে দলে নিতে পারবে কাতালানরা। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, বার্সা এই অর্থের পরিমাণ কমাতে চায় অথবা পেমেন্ট পিছিয়ে দেয়ার চেষ্টা করছে। অন্যদিকে ইউনাইটেড কর্তৃপক্ষ তাদের অবস্থানে অনড়। বার্সেলোনা শর্ত মেনে চুক্তি না করলে রাশফোর্ডকে পুনরায় ওল্ড ট্র্যাফোর্ডে ফিরিয়ে নিতে কোনো আপত্তি নেই রেড ডেভিলদের।

২০২৪ সালের ডিসেম্বরের পর থেকে ইউনাইটেডের জার্সিতে দেখা যায়নি রাশফোর্ডকে। গত মৌসুমের শেষ দিকে অ্যাস্টন ভিলায় ধারে খেলার পর চলতি ২০২৫-২৬ মৌসুমে তিনি বার্সায় যোগ দেন। স্পেনে এখন পর্যন্ত ৪৩ ম্যাচে ১২টি গোল করেছেন তিনি। ইউনাইটেডের বিশ্বাস, বার্সেলোনায় রাশফোর্ডের পারফরম্যান্স তার বাজারমূল্য বাড়িয়ে দিয়েছে। ইউনাইটেডের সাথে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি থাকা এই তারকার বেতন নিয়েও জটিলতা তৈরি হতে পারে, বিশেষ করে যদি ইউনাইটেড চ্যাম্পিয়নস লীগে জায়গা করে নিতে পারে।

ক্লাব ক্যারিয়ার নিয়ে টানাপোড়েন থাকলেও জাতীয় দলে রাশফোর্ডের গুরুত্ব কমেনি। আসন্ন ২০২৬ বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের স্কোয়াডে থাকার দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছেন এই ফরোয়ার্ড। তবে আগামী মৌসুমে তিনি বার্সার জার্সিতে থাকবেন নাকি ওল্ড ট্র্যাফোর্ডের লাল জার্সিতে ফিরবেন, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ভক্তদের।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন