নোভাক জোকোভিচের পর এবার মাদ্রিদ ওপেন থেকে নাম সরিয়ে নিলেন কার্লোস আলকারাজ।।কব্জির ইনজুরির কারণে ঘরের মাঠের এই টুর্নামেন্টে খেলবেন না তিনি। ইনজুরির কারণে এ নিয়ে টানা দ্বিতীয়বার মাদ্রিদ ওপেনে খেলা হচ্ছে না ২২ বছর বয়সী এই স্প্যানিশ তারকার। আগামী মাসে ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারেন কিনা সেই সংশয়ও তৈরি হয়েছে।
সাতবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী আলকারাজ বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডে ওটো ভার্টানেনের বিপক্ষে ৬-৪, ৬-২ ব্যবধানে জয়ের সময় কব্জিতে চোট পান। প্রাথমিকভাবে চোটটি গুরুতর মনে না হলেও স্ক্যানের রিপোর্টে ধরা পড়ে যে সমস্যাটি বেশ গভীর। এর ফলে বার্সেলোনা ওপেনের মাঝপথেই বিদায় নিতে হয়েছিল তাকে। এবার মাদ্রিদ ওপেন থেকেও সরে দাঁড়াতে বাধ্য হলেন তিনি। গত বছরও হ্যামস্ট্রিং এবং কুঁচকির ইনজুরির কারণে মাদ্রিদ ওপেন মিস করেন এই অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন।
ঘরের মাঠে খেলতে না পারার আক্ষেপ প্রকাশ করে আলকারাজ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এমন কিছু খবর থাকে যা দেয়া খুবই কঠিন। মাদ্রিদ আমার বাড়ি, ক্যালেন্ডারের সবচেয়ে বিশেষ জায়গাগুলোর একটি। তাই টানা দ্বিতীয় বছর এখানে খেলতে না পারা আমার জন্য অত্যন্ত কষ্টের। বিশেষ করে নিজের দেশের মানুষের সামনে খেলতে না পারাটা বেশি ব্যথার। আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ, আশা করি দ্রুতই দেখা হবে।’
মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে ইয়ানিক সিনারের কাছে হেরে যাওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে কব্জির চোট আলকারাজকে কোর্টের বাহিরে যেতে বাধ্য করলো। এর আগে সিনারের কাছে হেরে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারান আলকারাজ। নেমে গেছেন দুইয়ে। এখন আলকারাজের মূল লক্ষ্য ২৪শে মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেন। তবে কব্জির এই চোট তাকে কতটা ভোগাবে, সেটিই এখন বড় প্রশ্ন। আলকারাজের নাম প্রত্যাহারের আগে ইনজুরির কারণে মাদ্রিদ ওপেন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নোভাক জোকোভিচ। ফলে টেনিসের দুই বড় তারকাকে ছাড়াই এবারের মাদ্রিদ ওপেন মাঠে গড়াতে যাচ্ছে।
