ইংলিশ ফুটবলে এক রূপকথার জন্ম দিলো কভেন্ট্রি সিটি। দীর্ঘ ২৫ বছরের নির্বাসন কাটিয়ে অবশেষে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লীগ ‘প্রিমিয়ার লীগে’ প্রত্যাবর্তন করলো ক্লাবটি। গতকাল রাতে ব্ল্যাকবার্ন রোভার্সের মাঠে নাটকীয় এক ড্র’য়ে এই গৌরব অর্জন করে তারা।
কভেন্ট্রির এই অভাবনীয় সাফল্যের নেপথ্য নায়ক চেলসি কিংবদন্তি ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। ২০২৪ সালের নভেম্বরে যখন তিনি ধুঁকতে থাকা কভেন্ট্রির হাল ধরেন, তখন অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। কিন্তু ল্যাম্পার্ডের জাদুর ছোঁয়ায় চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমে বর্তমানে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। ৪৩ ম্যাচে ২৫ জয় ও ১১ ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে সবার আগে প্রিমিয়ার লীগ নিশ্চিত করলো ক্লাবটি।
সাফল্য পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ল্যাম্পার্ড বলেন, ‘২৫ বছর পর এমন কিছু করা সত্যিই দারুণ। গত মৌসুমে প্লে-অফে সান্ডারল্যান্ডের কাছে হারের পর ফিরে আসার এই মানসিকতা প্রশংসনীয়। আমরা গত গ্রীষ্মে আলোচনা করেছিলাম কীভাবে গতবারের চেয়ে ভালো করা যায়। ছেলেরা কাজটা শেষ করতে পেরেছে। নিজের এবং স্টাফদের জন্য আমার গর্ব হচ্ছে। ১৫ মাস আগে যখন এসেছিলাম, অনেক কিছুই অজানা ছিল। আমরা এই ক্লাবের মায়ায় পড়ে গেছি। এটা আমার অন্যতম সেরা অর্জন। এই ক্লাবের ম্যানেজার হতে পেরে আমি গর্বিত।’
কভেন্ট্রি সিটির এই পথচলা মোটেও সহজ ছিল না। ২০০১ সালের ৫ মে অ্যাস্টন ভিলার কাছে হেরে অবনমন হওয়ার পর টানা আড়াই দশক তারা পার করেছে ঘোর অন্ধকারের মধ্যে। ২০১৭ সালে চতুর্থ স্তরে নেমে যাওয়া থেকে শুরু করে দেউলিয়া হওয়ার শঙ্কা—সবই সহ্য করতে হয়েছে তাদের। এমনকি নিজেদের মাঠ না থাকায় অন্যের মাঠে ভাগাভাগি করে খেলতে হয়েছে। মালিকপক্ষের বিরুদ্ধে ভক্তদের আন্দোলনও ছিল তুঙ্গে। সেই সব বিতর্ক আর ব্যর্থতাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এখন তারা বিশ্বসেরা লিগের মঞ্চে।
ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে ম্যাচে এদিন স্রেফ ড্র করলেই হতো কভেন্ট্রির। দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়ে হারের শঙ্কায় পড়ে যায় ল্যাম্পার্ডের শিষ্যরা। তবে ৮৪তম মিনিটে ববি থমাসের দুর্দান্ত গোল কভেন্ট্রিকে সমতায় ফেরান। বাকি সময়টা সতর্কতার সঙ্গে পার করে দিয়ে প্রিমিয়ার লীগের টিকেট নিশ্চিত করে ক্লাবটি।
