৪ নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

৪ নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

ফন্ট সাইজ:

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। এই সিরিজকে সামনে রেখে শান মাসুদের নেতৃত্বে আজ ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত এই দলে জায়গা করে নিয়েছেন চারজন নতুন মুখ। এই সফরের সবচেয়ে বড় চমক ডাগআউটে। পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে এই সিরিজ দিয়েই অভিষেক হতে যাচ্ছে সাবেক সফল অধিনায়ক সরফরাজ আহমেদের।

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক সরফরাজ আহমেদ। তার অধীনে ২০১৭ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জেতে পাকিস্তান। এবার তাকেই দেয়া হয়েছে টেস্ট দলের প্রধান কোচের গুরুদায়িত্ব। ব্যাটিং কোচ হিসেবে থাকছেন আসাদ শফিক এবং বোলিং কোচের দায়িত্বে থাকবেন উমর গুল।

পাকিস্তান দলে অন্তর্ভুক্ত করা হয়েছে চার নতুন ক্রিকেটারকে। তারা হলেন-আমাদ বাট, আবদুল্লাহ ফজল, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি। এছাড়া বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহীন শাহ আফ্রিদির মতো অভিজ্ঞ তারকাদের উপস্থিতিতে শক্তিশলী এক স্কোয়াড গঠন করেছে পিসিবি।

টেস্ট সিরিজকে সামনে রেখে আগামী ২৭শে এপ্রিল থেকে করাচিতে কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে পাকিস্তান দল। ক্যাম্প শেষে ২রা মে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেবেন ক্রিকেটাররা এবং ৩রা মে ঢাকায় পৌঁছাবেন তারা। একই দিনে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ফাইনাল অনুষ্ঠিত হবে। টেস্ট দলের কোনো খেলোয়াড় পিএসএল ফাইনাল খেললে তিনি কিছুটা দেরিতে দলের সঙ্গে যোগ দেবেন।

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ৮ই মে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৬ই মে দুই দল দ্বিতীয় টেস্ট খেলতে যাবে চা-নগরী সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

পাকিস্তানের ১৬ সদস্যের টেস্ট দল:

শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, সালমান আলী, আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, হাসান আলী, ইমাম উল হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মুহাম্মদ গাজী ঘোরি, নোমান আলী, সাজিদ খান ও সৌদ শাকিল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন