আবাহনী-মোহামেডানের জয় কিংস-ফর্টিসের হোঁচট

আবাহনী-মোহামেডানের জয় কিংস-ফর্টিসের হোঁচট

ফন্ট সাইজ:

আর্থিক সংকটের কারণে ১০টি ট্রান্সফার নিষেধাজ্ঞা ঝুলছে বসুন্ধরার কিংসের উপরে। এর মাঝেই বেতনের দাবিতে অনুশীলন বয়কট করছে দলটির বিদেশি ফুটবলাররা। গতকাল সেই বয়কট রূপ নেয় বিদ্রোহে। বাংলাদেশ ফুটবল লীগে গতকাল বিদেশিদের ছাড়াই রহমতগঞ্জের বিপক্ষে খেলতে নামে বসুন্ধরা কিংস। বিদেশিবিহীন কিংসকে গতকাল রুখে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান কমাতে পারেনি ফর্টিস এফসি। বসুন্ধরা কিংস অ্যারেনায় টেবিলের তলানির দল আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। শীর্ষ দুই দলের পয়েন্ট হারানোর দিনে পুলিশ এফসিকে হারিয়ে দুই নম্বরে উঠে এসেছে ঢাকা আবাহনী। আরেক ম্যাচে ফকিরেরপুল ইয়াংমেন্সকে ৩-০ গোলে হারিয়ে প্রথম লেগে হারের শোধ নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মুন্সীগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বিদেশি বিহীন বসুন্ধরা কিংস ১৩ মিনিটে প্রথম আক্রমণ থেকেই গোল করে। সোহেল রানা জুনিয়রের ক্রসে গোলে শট নেন নাবিব নেওয়াজ জীবন। তাকে আটকে দেন রহমতগঞ্জ গোলরক্ষক। দ্বিতীয় প্রচেষ্টায় না পারলে বক্সে জটলার মধ্যে টোকায় জাল খুঁজে নেন শাহরিয়ার ইমন। আবাহনী থেকে এই মৌসুমে কিংসে যোগ দেয়ার পর এটি তার প্রথম গোল। গোল হজমের পর তড়িঘড়ি করে ১৭ মিনিটে দুটি পরিবর্তন আনেন রহমতগঞ্জ কোচ কামাল আহমেদ বাবু। ৫ জন ডিফেন্ডার নিয়ে শুরু করা ক্লাবটি একজন কমিয়ে ফেলে। আলফাজ এবং পারভেজকে তুলে মাঠে নামানো হয় রফিক ও শাহিনকে। পরিকল্পনার ফলও মেলে প্রথমার্ধে। ৪২ মিনিটে ম্যাচে ফেরে রহমতগঞ্জ। বাঁ-দিক থেকে রাজন হাওলাদারের দারুণ ক্রসে হেডে জাল কাঁপান বোয়াটেং। দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না বসুন্ধরা কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। এবারের লীগে এটি ছিল বোয়াটেংয়ের দ্বিতীয় গোল। বিরতির পর ফিরে কিংসের রক্ষণে চাপ বাড়ায় রহমতগঞ্জ। ৬৭ মিনিটে সলোমন কিংকে ট্যাকল করতে গিয়ে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বসুন্ধরা কিংস সেন্টার-ব্যাক বিশ্বনাথ ঘোষ। ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা। ৮১ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমকে ফাউল করলে আভিষেক লিম্বুকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি আলমগীর সরকার। ১০ জনের কিংসের বিপক্ষে এগিয়ে যেতে না পারলেও লাল কার্ডে কিংসের সমতায় ফেরে পুরান ঢাকার ক্লাবটি।
অন্যদিকে, টেবিলের দ্বিতীয় দল ফর্টিস এফসি আরামবাগের সঙ্গে গোলশূন্য ড্র করে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়েছে। তবে উজ্জ্বল ছিল আবাহনী লিমিটেড। পুলিশ এফসিকে ৩-১ গোলে হারিয়ে পুরো ৩ পয়েন্ট তুলে নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। আবাহনীর গোল তিনটি করেন এমেকা, শেখ মোরসালিন ও আল আমিন। পুলিশের হয়ে একমাত্র গোলটি করেন মোহাম্মদ বাবলু। এই ম্যাচেও দুই দলের দুইজন লাল কার্ড দেখেন।
টানা ব্যর্থতায় আবাহনীর বিপক্ষে সর্বশেষ ম্যাচের পরেই কোচ আলফাজ আহমেদকে ছাঁটাই করে মোহামেডান। লীগ শিরোপা জয়ী এই কোচের সহকারী আব্দুল কাইয়ুম সেন্টু সামলাচ্ছেন মোহামেডানের দায়িত্ব। সাত ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে সাদা-কালোরা। গতকাল ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। মোহামেডানের হয়ে এদিন গোল করেন জুয়েল মিয়া, জয় আহমেদ ও রাফায়েল টুডো। লীগের ১৩ রাউন্ড শেষে শীর্ষস্থানেই বসুন্ধরা কিংস। ৮ জয়, ৪ ড্র এবং এক পরাজয়ে ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ২৮। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশকে হারানো আবাহনী ফর্টিসের সমান ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে। গোলগড়ে আবাহনীর চেয়ে পিছিয়ে থাকায় তিনে ফর্টিস। চারে থাকা রহমতগঞ্জের সংগ্রহ ১৯ পয়েন্ট। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ছয়েই আছে মোহামেডান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন