ইউরোপা লীগের সেমিফাইনালে পৌঁছলো যারা

ইউরোপা লীগের সেমিফাইনালে পৌঁছলো যারা

ফন্ট সাইজ:

২০২৫-২৬ মৌসুমের উয়েফা ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনাল শেষে নিশ্চিত হয়েছে সেমিফাইনালের চার দল। শেষ চারে জায়গা করে নিয়েছে পর্তুগালের ক্লাব ব্রাগা, ইংল্যান্ডের দুই ক্লাব নটিংহ্যাম ফরেস্ট ও অ্যাস্টন ভিলা এবং জার্মান ক্লাব এসসি ফ্রাইবুর্গ। এই মৌসুমে ইউরোপা লীগে বেশ কয়েকটি চমক দেখা গেছে, আর তারই ধারাবাহিকতায় সেমিফাইনালে জায়গা করে নিয়েছে এই চার দল। বিশেষ করে ব্রাগা। বৃহস্পতিবার রাতে তারা নাটকীয় ম্যাচে স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসকে হারিয়ে সেমির টিকিট কাটে। সেমিতে তাদের প্রতিপক্ষ ফ্রাইবুর্গ। অন্যদিকে, আরেক সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংলিশ দুই ক্লাব নটিংহ্যাম ফরেস্ট ও অ্যাস্টন ভিলা। দুই দলই এবারের ইউরোপা লীগে দারুণ পারফর্ম করছে এবং শিরোপার দাবিদারও। ঘরের মাঠ ভিলা পার্কে ইতালিয়ান ক্লাব বোলোনিয়ার বিপক্ষে দাপুটে খেলা উপহার দেয় উনাই এমেরির অ্যাস্টন ভিলা। ৪-০ গোলের বিশাল জয়ে দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে পা রাখে তারা। ম্যাচের ১৬ মিনিটেই গোলের খাতা খোলেন অলি ওয়াটকিন্স। এরপর এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মরগান রজার্স গোল করে প্রথমার্ধেই ব্যবধান ৩-০ করেন। ম্যাচের শেষ মুহূর্তে এজরি কোনসা চতুর্থ গোলটি করলে বড় জয় নিশ্চিত হয় ভিলার।
সিটি গ্রাউন্ডে পর্তুগিজ পরাশক্তি পোর্তোকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটে নটিংহ্যাম ফরেস্ট। দুদলের মধ্যকার প্রথম লেগ ১-১ সমতায় শেষ হয়েছিল। ম্যাচের ১২ মিনিটে মরগান গিবস-হোয়াইট জয়সূচক গোলটি করেন। পোর্তো ম্যাচের শুরুতেই (৮ মিনিট) পোলিশ ডিফেন্ডার ইয়ান বেডনারেককে লাল কার্ড দেখে হারিয়ে দশ জনের দলে পরিণত হওয়ায় নটিংহ্যামের জন্য কাজটা সহজ হয়ে যায়।
জার্মান ক্লাব ফ্রেইবার্গ স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগোকে দুই লেগ মিলিয়ে ৬-১ গোলে হারিয়ে প্রথমবার সেমিফাইনালে নাম লিখিয়েছে। অন্যদিকে, রিয়াল বেতিসের বিপক্ষে প্রথম লেগে ০-২ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে পর্তুগালের স্পোর্টিং ব্রাগা।
সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল, আর দ্বিতীয় লেগ ৭ মে। দুই লেগ মিলিয়ে সেরা দল দুটি জায়গা করে নেবে ফাইনালে। এবারের ইউরোপা লীগের ফাইনাল অনুষ্ঠিত হবে তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলে। ইউরোপিয়ান ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ এই প্রতিযোগিতার শিরোপা জয়ের লক্ষ্যে এখন চার দলই প্রস্তুত।
ম্যাচ দল তারিখ সময়
সেমি প্রথম লেগ নটিংহ্যাম-অ্যাস্টন ভিলা ৩০শে এপ্রিল রাত ১টা
সেমি প্রথম লেগ ব্রাগা- ফ্রাইবুর্গ ৩০শে এপ্রিল রাত ১টা
সেমি দ্বিতীয় লেগ অ্যাস্টন ভিলা- নটিংহ্যাম ৭ই মে রাত ১টা
সেমি দ্বিতীয় লেগ ফ্রাইবুর্গ-ব্রাগা ৭ই মে রাত ১টা


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন